১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রায়হান হত্যা: প্রধান আসামি বরখাস্ত এসআইয়ের পালানোর গুঞ্জন

এসআই আকবর ১১ অগাস্ট সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বিচারক অনুপস্থিত থাকায় সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার শুনানি হয়নি। 

বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আশিক উদ্দিন। 

তিনি বলেন, “আগামী ১৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে। তবে আজকে মামলার প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়া আদালতে হাজির হননি। মূলত বিভিন্ন পত্র-পত্রিকায় দেখছি, বরখাস্ত  এসআই আকবর হোসেন ভূঁইয়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি দেশে আছেন, নাকি পালিয়ে গেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।”

আইনজীবী আরও বলেন, “কথা সত্য, তিনি আজ আদালতে আসেননি। আদালতের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করার নিদের্শ ছিল, সেটা তিনি পালন করেননি। জামিনে থাকা অন্য চারজন আসামিও আলাদতে উপস্থিত হননি। জেলে থোকা দুই আসামির মধ্যে একজন আসামি আদালতে হাজির হয়েছিলেন।” 

এদিকে, আকবরের জামিনের খবর জানাজানির পরই রাহয়ানের মা সালমা বেগম আশঙ্কা প্রকাশ করেছিলেন, আকবর দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরদিনই গত ১১ অগাস্ট সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান আকবর। 

পরে ১৪ অগাস্ট হাই কোর্টের চেম্বার জজ আদালতে তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে এসে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও তিনি এসে হাজির হননি। তবে আদালতের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন দেখা দিয়েছে।  

রায়হান হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার ফজল চৌধুরী সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের চেম্বার জজ আদালত সাবেক এসআই আকবরের জামিন বাতিল করে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আত্মসমর্পণের সময় পেরিয়ে গেলেও তিনি আদালতে এসে হাজির হননি। ফলে তিনি এখন পলাতক।” 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আশিক উদ্দিন বলেন, “যেহেতু উচ্চ আদালতের কথামত আকবর নিম্ন আদালতে আসেননি। সুতরাং এখন পলাতক হয়ে গেছেন।” 

তিনি বলেন, এই মামলার ছয় আসামির মধ্যে কোম্পানীগঞ্জের সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান শুরু থেকে পলাতক রয়েছেন। পুলিশের এসআই হাসান জামিন পেয়ে তিনিও পলাতক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পুলিশের এসআই টিটু চন্দ্র এবং এপ্রিলে জামিন পেয়েছিলেন কনস্টেবল হারুন। 

“গত শুনানির তারিখে তাদের আইনজীবী সময়ের আবেদন করেছিলেন। কিন্তু আজ পুলিশের এসআই টিটু চন্দ্রের ব্যাপারে সময়ের আবেদন পড়ে এবং অন্যদিকে কনস্টেবল হারুনের পক্ষে কোনো কিছুই করেননি তাদের আইনজীবী।”  

এই মামলার এজাহারে বলা হয়েছে, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট নগরীর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। ওই সময় এসআই আকবর ফাঁড়ির ইনচার্জ ছিলেন। পরদিন ভোরে গুরুতর অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়হান সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তখন তার পরিবার পুলিশি নির্যাতনের হত্যার অভিযোগ আনে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান।

এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তারের করা মামলা মহানগর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পাওয়া যায়।

এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। পরে পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই। আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্য অভিযুক্তরা হলেন- ফাঁড়ির এএসআই আশেক-ই এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

২০২০ সালের ১৪ অক্টোবর থেকে তদন্ত শুরু করে পিবিআই। পরদিন জেলা হাকিমের অনুমতি নিয়ে রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। এর এক সপ্তাহ পর ২২ অক্টোবর প্রতিবেদন দেওয়া হয়।

দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনের সঙ্গে প্রথম প্রতিবেদনের সামঞ্জস্য পায় ফরেনসিক মেডিকেল বোর্ড। অতিরিক্ত আঘাতের কারণে রায়হানের মৃত্যু হয়েছে বলে জানান ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান মো. শামসুল ইসলাম। তিনি জানান, ভোঁতা অস্ত্রের আঘাতের জখমই তার শরীরে বেশি ছিল।