Published : 24 Aug 2025, 12:42 PM
মানিকগঞ্জ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীতে দীর্ঘ এক যুগ পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে।
‘নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি’- প্রতিপাদ্যে শনিবার বেলা ২টা থেকে শুরু হওয়া বাইচ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা। জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বলেন, “নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে লাখ লাখ মানুষ বাইচ উপভোগ করেছেন।”

বাইচ দেখতে বেউথা ব্রিজ সংলগ্ন নদীর দুই পাড়ে ও আশেপাশের এলাকায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় জমে। বৃষ্টি উপেক্ষা করে মানিকগঞ্জসহ আশেপাশের ছয়টি জেলা থেকে আসা লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন। তখন নদীতে শুধু ‘হেইয়ো হেইয়ো’ শব্দ শোনা যায়।
প্রায় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা গত ১২ বছর ধরে বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও বাইচের আয়োজন হওয়ায় দর্শনার্থীরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
হরিরামপুর উপজেলার আসাদুজ্জামান বলছিলেন, তিনি এখন ঢাকা থাকেন। নৌকা বাইচ দেখতে মানিকগঞ্জ এসেছেন৷ ৫০-৬০ বছর আগে তার বাড়ি পদ্মায় ভেঙে গেছে।
তখন বাইচে ‘ময়ূরপঙ্খি নাও’ সাজিয়ে অনেক আনন্দ করতেন বলেও জানান আসাদুজ্জামান।
সাভারের কুরগাঁও এলাকার শুভ বলেন, “এর আগেও বাইচ দেখেছি। তবে ২৫-৩০টি নৌকার বাইচ আগে দেখেননি।”
বন্ধুদের সঙ্গে মানিকগঞ্জে এসে বাইচ দেখে মুগ্ধ হয়েছেন বলেও জানান তিনি।
দৌলতপুর উপজেলার বাসিন্দা মামুন মিয়া পলাশ বলেন, তিনি ঢাকার মিরপুরে থাকলেও প্রতি সপ্তাহে দৌলতপুর যাতায়াত করেন। জীবনে অনেকবার বাইচ দেখলেও সম্প্রতি বাইচ দেখেননি।
তিনি বলেন, “এতো নৌকা হবে ভাবতে পারিনি। এ আযোজনের জন্য জেলা প্রশাসকসহ আয়োজকদের ধন্যবাদ জানাই।”

নৌকা বাইচে ছোট-বড় মিলিয়ে মোট ২৯টি নৌকা অংশ নেয়। চার রাউন্ড শেষে ফাইনালে পাবনা জেলার সাঁথিয়ার সালেক মেম্বারের নেতৃত্বাধীন ‘শেরে বাংলা ভিটেপাড়া দল’ চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় বিজয়ী দলকে ট্রফি ও একটি মোটরসাইকেল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
জয়ী বাইচের দলকে পুরষ্কার তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ও জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা।
ঘিওর উপজেলা থেকে বাবার সঙ্গে প্রথম বাইচ দেখতে আসা ছোট্ট শিশু সেহান বলেন, নানা রকম নৌকা দেখে খু্ব ভালো লেগেছে।
বাইচে জয়ী দল শেরে বাংলা ভিটেপাড়া বাইচের নৌকার মালিক সালেক মেম্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনেকগুলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। এবার মানিকগঞ্জেও চ্যাম্পিয়ন হলাম। খুবই ভালো লাগছে।”