Published : 03 Jun 2026, 05:01 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়া গ্রামে ঘটে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানিয়েছেন।
নিহত ৩৫ বছর বয়সী মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, পাওনা টাকা নিয়ে মিলন মিয়ার সঙ্গে একই গ্রামের ইমনের বিরোধ চলছিল। এর জেরে দুপুরের দিকে মিলনের সঙ্গে ইমন ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় । এ সময় মিলন প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিলন মিয়ার নিহতের খবরে গ্রামবাসী হত্যায় জড়িত সন্দেহে এক নারী ও এক যুবককে আটক করে পুলিশে দেয়।
ওসি মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এক নারীসহ দুজনকে আটক করে।
নিহতের লাশ নেত্রকোণা সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।