২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আ. লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, উপজেলা পরিষদে ভাঙচুর

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যানের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরাই এ হামলা করেছেন।

শরীয়তপুরে আ. লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, উপজেলা পরিষদে ভাঙচুর

ডামুড্যা উপজেলা কার্যালয়ে হামলার পর সৈয়দ আব্দুল আউয়াল শামীমসহ অন্যরা

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 03:06 PM

Updated : 04 Oct 2022, 03:15 PM

শরীয়তপুরের ডামুড্যায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম হামলার শিকার হয়েছেন।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমগীর মাঝি জানান, সোমবার রাত ৯টায় তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ২৫ জন নেতাকর্মীকে মারধর, তিনটি গাড়ি ও কার্যালয়ে ভাঙচুর করা হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ তাদের উদ্ধার করে।

আলমগীরের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা এ হামলা করেছেন।

আব্দুল আউয়াল শামীম বলেন, “গোসাইরহাট পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ডামুড্যা উপজেলায় আসার পর উপজেলা কার্যালয়ে বসি। সেখানে আমার ওপর হামলা করা হয়েছে।”

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সমর্থকরা এ হামলা করেছে অভিযোগ করে শামীম বলেন, হামলার সময় হামলাকারীরা তার নামেই শ্লোগান দিচ্ছিলো।

ঘটনার বর্ণনায় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন বলেন, সোমবার সকালে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ২৫/৩০ জন নেতাকর্মী নিয়ে গোসাইরহাট পূজামণ্ডপ পরিদর্শনে যান। পরে সন্ধ্যায় ডামুড্যা উপজেলা কার্যালয়ে যান তিনি। সেখানে গোসাইরহাট ও ডামুড্যার নেতাকর্মীদের নিয়ে সেখানে খাওয়া দাওয়া শেষে আলোচনা করছিলেন।

“এ সময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলহাস মাদবরের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিলসহ ব্যাপক ভাঙচুর চালায়। এরপর সেখানে থাকা নেতাকর্মীদের ওপর হামলা করে তারা।”

জুলহাস মাদবর শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নাহিম রাজ্জাকের ‘ডান হাত’ হিসেবে এলাকায় পরিচিত বলে জানান কামাল উদ্দিন।

কামাল বলেন, হামলায় তিনি, সজল সিকদার, অপু বেপারী, মিন্টু পাল, এনামুল হক লিয়ন, রিপন সৈয়াল, রনজিৎ শিকারী, সজিব শিকারী, দিল মোহাম্মদ, আসলাম বেপারী, সজিব দাস ও অসীম দাসসহ আর ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হামলায় আহত শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদার বলেন, “আমরা সারাদিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝির আমন্ত্রণ রাতের খাবার খেতে আসি। এ সময় জুলহাস-মাদবরসহ ২০ থেকে ৩০ জন আমাদের ওপর হামলা করে। আমরা ২৫ জন আহত হই।”

আহত মিন্টু পাল বলেন, ঘটনাটি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানানো হয়। পরে পুলিশের পাহারায় ভেদরগঞ্জের কার্তিকপুরের বাড়ি ফেরেন আউয়াল শামীম।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলহাস মাদবর।

তার ভাষ্য, “আমরা কোনো হামলা করিনি। এ গুলো সব মিথ্যা ও বানোয়াট। বরং তারা আমাদের একটি গাড়ি ভাঙচুর করেছে।”

অভিযাগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মাদবরও। তিনি বলেন, “আমরা এ হামলার সঙ্গে জড়িত না, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে জানতে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাককে একাধিকবার মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে আনেন তারা। সেখানে কিছু চেয়ার আর গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।