২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আগুনে পুড়েছে বসতঘর, গবাদি পশু

শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 04:02 PM

Updated : 22 Jul 2022, 04:12 PM

বরিশালের গৌরনদী উপজেলায় আগুনে দুই পরিবারের রান্নাঘরসহ দুইটি বসতঘর, একটি গোয়ালঘর ও গবাদি পশু পুড়ে গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহাদাত হোসেন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল সর্দার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

শাহাদাত বলেন, “মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির গোয়াল ঘরে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত মোস্তাফিজুর ও তার ভাই হান্নান সরদারের ঘর এবং পাশের নজরুল ইসলাম সরদারের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে দুই পরিবারের রান্নাঘরসহ দুইটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। তাছাড়া একটি গরু, ৪০টি হাঁস, ১৫টি মুরগি ও ২০টি কবুতর পুড়ে মারা গেছে; মারাত্মক আহত হয়েছে আরও দুইটি গরু।”

আগুনে নগদ সাত লাখ টাকা, স্বর্ণালংকার, দুইটি ফ্রিজ ও আসবাপত্রসহ ৪০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। কয়েল বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তার।

ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টিন ও নগদ সাত হাজার টাকা সাহায্য দেবেন তারা।

এদিকে মোস্তাফিজুরের জামাতা পুলিশের কনস্টেবল মো. ইস্রাফিল তালুকদারের দাবি, আগুনে তাদের প্রায় ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা।