২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর যুবদল সভাপতি ঢাকায় গ্রেপ্তার, ‘বাসায় মিলল অস্ত্র’

ঢাকায় গ্রেপ্তারের পর তার ফেনীর বাসায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 10:21 PM

Updated : 22 Jul 2022, 10:35 PM

ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে তার ফেনীর বাসায় তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের বিজয়নগর থেকে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানা পুলিশ।

জাকির হোসেন জসিম (৪৮) ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের ওয়াজি উল্যাহর ছেলে। তিনি ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তিনি ফেনী শহরের রামপুর এলাকায় একটি বাসায় থাকেন।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, যুবদল নেতা জাকির হোসেনের বিরুদ্ধে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

“গ্রেপ্তারের পর জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তার ফেনী শহরের রামপুরের বাসা থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ২টি ছুরি উদ্ধার করা হয়।”

অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে বলে ওসি নিজাম জানান।

জাকির হোসেনের বিরুদ্ধে আগের সাতটি মামলা রয়েছে উল্লেখ করে ওসি জানান, শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, জাকির হোসেনের স্ত্রী লুৎফুন নাহার পারভিন অভিযোগ করেন, “আমার স্বামীকে পুলিশ পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে। ঢাকা থেকে গ্রেপ্তার করে বাসায় এনে তল্লাশির নামে পুলিশ নিজেদের পকেট থেকে পিস্তল বাসায় রেখে তারপর অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে।”

লুৎফুন নাহার পারভিনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “তাদের অভিযোগ সত্য নয়। জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।”