২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পুরুষাঙ্গ কাটার পর এক ব্যক্তির মৃত্যু

পরিবারের দাবি, এই ব্যক্তি মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। তিনি নিজেই তার পুরুষাঙ্গ কেটে ফেলেন।

পঞ্চগড়ে পুরুষাঙ্গ কাটার পর এক ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 09:28 PM

Updated : 22 Jul 2022, 09:28 PM

পঞ্চগড় সদর উপজেলায় পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৫৫ বছর বয়সী এই ব্যক্তি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের শালুকপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

ছয় দিন আগে পুরুষাঙ্গ কাটা হলেও শুক্রবার মৃত্যুর পর গোসল করাতে গিয়ে এলাকাবাসী ঘটনা জানতে পারেন বলে পঞ্চগড় থানার এসআই দীন মোহাম্মদ জানান।

পরিবারের দাবি, এই ব্যক্তি মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। তিনি নিজেই তার পুরুষাঙ্গ কেটে ফেলেন।

তার স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি ছয় দিন আগে হঠাৎ করে নিজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে ফেলেন। কাপড়ে রক্ত দেখে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি জানান। স্থানীয় পল্লিচিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা করানো হচ্ছিল। মান-সম্মানের ভয়ে কাউকে জানানো হয়নি।

“পরে পল্লিচিকিৎসক হাসপাতালে নিতে বলেন। শুক্রবার তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে তিনি মারা গেলেন।”

কেন তিনি নিজে তার পুরুষাঙ্গ কর্তন করেন সে বিষয়ে স্ত্রী বলেন, “তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন।”

তবে এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তি সহজ-সরল মানুষ ছিলেন। পরিকল্পিত কোনো ঘটনা ঘটানো হয়েছে, যে কারণে তার স্ত্রী-সন্তানরা তার সঠিক চিকিৎসা করাননি।

সঠিক তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান এলাকাবাসী।

এসআই দীন মোহাম্মদ বলেন, তদন্তে সব বিষয় সামনে চলে আসবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।