ঝিনাইদহে প্রতিবেশীকে ‘ফাঁসাতে গিয়ে’ গ্রেপ্তার যুবক
প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর উপজেলায় বিরোধের জেরে প্রতিবেশীকে ‘অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে’ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক।
উপজেলার শ্যামনগর গ্রাম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান।
গ্রেপ্তারকৃত সজল মিয়া একই উপজেলার বড়বাড়ি গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে।
মেজর শরিফুল বলেন, “প্রতিবেশী সুমন হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সজলের বিরোধ চলছিল। এর জেরে সজল অস্ত্র ও গুলি দিয়ে সুমনকে ফাঁসানোর চেষ্টা করছিলেন। গোপনে খবর পেয়ে র্যাব সজলকে গ্রেপ্তার করে।”
তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও একটি গুলি জব্দ করা হয়েছে বলে জানান এ র্যাব কর্তকর্তা।
তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
