ছিনতাইকারীকে জাপটে ধরলেন এক নারী
হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই নারী ছিনতাইকারীকে জাপটে ধরেন।
ঝালকাঠিতে ডাকঘরে দুই লাখ টাকা ‘ছিনিয়ে নেওয়ার সময়’ এক ব্যক্তিকে আটক করেছেন এক নারী। পরে পিটুনি দিয়ে তাকে পুলিশে দিয়েছে জনতা।
রোববার দুপুরে জেলা শহরের প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে বলে ঝালকাঠি থানার এসআই গৌতম চন্দ্র ঘোষ জানান।
আটক ঝন্টু শেখ বরিশালের কালিজিরা এলাকার আবু বক্কর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের শারমিন আক্তার দুই লাখ টাকার সঞ্চয়পত্র কেনার জন্য আসেন ঝালকাঠি শহরের প্রধান ডাকঘরে।
“তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই নারী চিৎকার দেন এবং একই সঙ্গে ছিনতাইকারীকে জাপটে ধরেন।পরে উপস্থিত জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।”
এসআই গৌতম জানান, আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
