২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২, ট্রাক্টর উল্টে আরও একজন

ট্রাক্টরের ক্যারিয়ারে ‘অতিরিক্ত মাটির ভারে’ ইঞ্জিন ওপরের দিকে উঠে উল্টে গেলে চালক চাপা পড়েন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 10:00 PM

Updated : 22 Jul 2022, 10:06 PM

জয়পুরহাটে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

তারা হলেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভেরেণ্ডী গ্রামের আমিন হোসেনের ছেলে ট্রাক্টর চালক রায়হান হোসেন (২২), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের উপেন হাওলাদারের ছেলে জিতেন হাওলাদার (৬০) ও ভ্যানের যাত্রী একই উপজেলার খাসবাট্টা গ্রামের ছমির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (৭০)।

তাদের মধ্যে রায়হান ট্রাক্টর উল্টে এবং অন্য দুইজন ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন।

আক্কেলপুর থানার ওসি আবুবক্কর সিদ্দীক বলেন, শুক্রবার দুপুরে সোনামুখী ইউনিয়নের ভদ্রকালী গ্রামে তুলসীগঙ্গা নদী খনন করা মাটি শ্রমিকরা ট্রাক্ট্ররে তোলেন। অতিরিক্ত মাটির ভারে ট্রাক্টরের ইঞ্জিন ওপরের দিকে উঠে উল্টে যায়। এতে চালক রায়হান ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

অপর দুর্ঘটনাটি ঘটে পাঁচবিবিতে।

পাঁচবিবি থানার ওসি পলাশচন্দ্র দেব জানান, হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল এক ট্রাক। পথে বিপরীত থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক জিতেন ভ্যানযাত্রী ইলিয়াস আহত হন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াসের মৃত্যু হয়। আর জিতেনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ন্থানান্তর করা হলে দুপুরের দিকে তিনিও মারা যান।

চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে বলে তিনি জানান।