গোপালগঞ্জে বাস খাদে পড়ে আহত ২৫
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন।
উপজেলার সালিনাবক্সা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে তারা আহত হন বলে মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান।
ওসি বলেন, ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক শুক্রবার ভোরের দিকে নিয়ন্ত্রণ হারান। বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন অন্তত ২৫ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান ইসলাম শোভন জানান, আহত ২৫ জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
