২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ফুটবল খেলার সংঘর্ষে যুবক নিহত

হাজী শামসউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে এ সংঘর্ষ হয়

কিশোরগঞ্জে ফুটবল খেলার সংঘর্ষে যুবক নিহত

ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 07:26 PM

Updated : 22 Jul 2022, 07:26 PM

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ধূলদিয়া ইউনিয়নের রায়খলা ও সতরদোন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান।

নিহত হুয়ামুন কবীর (৩৫) রায়খলা গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ধূলদিয়া এলাকায় হাজী শামসউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে সতরদোন গ্রামের ছেলেরা ফুটবল খেলতে আসে। এ সময় রায়খলা গ্রামের একদল ছেলেও ফুটবল খেলতে চাইলে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সন্ধ্যার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওসি এসএম শাহাদাত হোসেন জানান, এই ঘটনার জেরে শুক্রবার সকালে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপরের হামলা করে। এতে টেঁটার আঘাতে গুরুতর আহত হন হুমায়ুন।

“কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ধূলদিয়া বাজারে কয়েকটি দোকানপাটে হামলা হয় বলে জানা গেছে।”

ওসি শাহাদাত হোসেন আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ৩০ রাউন্ড টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।