২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

উজিরপুরে দুর্ঘটনার পর হারুনের শেষ কথা: ‘আমার জন্য দোয়া করো মা’

পদ্মা সেতু হয়ে কুয়াকাটা যাচ্ছিলেন গাজীপুরের নয় জন। পথে মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে তাদের ছয় জন নিহত হন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 11:05 PM

Updated : 23 Jul 2022, 01:09 AM

পদ্মা সেতু হয়ে কুয়াকাটা যাওয়ার পথে বরিশালের উজিরপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয়জনের বাড়ি গাজীপুর নগরীর কোনাবাড়ি।

স্বজনদের আহাজারিতে এলাকায় নেমেছে শোকের ছায়া। সান্ত্বনা দিতে গিয়ে প্রতিবেশীদের চোখ জলে ভরে আসছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালের উজিরপুর উপজেলায় মাইক্রোবাস ও ঢাকামুখী বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এর চার আরোহী নিহত হন। হাসপাতালে আরও দুজন মারা যান।

একই এলাকার নয় জন পদ্মা সেতু দেখে মাইক্রোবাসযোগে কুয়াকাটা যাচ্ছিলেন।

এদের মধ্যে নিহত ছয় জন হলেন গাজীপুর নগরীর কোনাবাড়ির জয়েরটেক এলাকার জালাল উদ্দিন ঠান্ডু (৬০), আহাকি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো. হাসান (৩৮), জয়েরটেকের আব্দুর রহমান (৩৫), পূর্ব কলাপাড়ার রুহুল আমিন (৫৫), হারুন অর রশীদ (৪০) ও শহিদুল ইসলাম (৪০)।

শুক্রবার সকালে হারুন অর রশিদের বাড়ি গিয়ে দেখা যায় আবেগঘন পরিবেশ। বাড়িজুড়ে শোনা যাচ্ছিল কান্নার শব্দ। কারো সান্ত্বনাতেই থামছে না হারুনের স্বজনদের কান্না।

হারুনের বৃদ্ধা মা ছেলে হারিয়ে বাকরুদ্ধ। স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। দুই ছেলে ফাহিম (১২) ও মাহিম (৫) বাড়িতে এত লোক দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।

মা হাসনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, দুপুরে দুর্ঘটনার পর বিকাল ৪টার দিকে হারুন হাসপাতাল থেকে ফোনে বলেন, ‘মা, আমি আগের চেয়ে ভালো আছি, আমার জন্য দোয়া করো। আমার সন্তান দুটিকে দেখে রেখো।’

হারুন তার স্ত্রী শান্তা ইসলামকেও দোয়া করতে বলেন।

এর কিছুক্ষণ পরই হারুনের মৃত্যুর খবর আসে।

নিহত হারুন ও নিহত রুহুল আমিন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। তাদের বাড়িও পাশাপাশি।

রুহুল আমিনের বাড়ি গিয়ে দেখা যায়, তার স্ত্রী আইরিন আক্তার বিলাপ করছেন।

দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের সংসার। রুহুল আমিনই ছিলেন সংসারের উপার্জনক্ষম ব্যক্তি। তিনি পেশায় ছিলেন দলিল লেখক। প্রতিবেশীরা তাকে নানা সান্ত্বনা দিলেও কোনো সান্ত্বনাই তার কান্না থামছিল না।

বাড়ির পাশে পাশাপাশি দুই ভাইয়ের কবর খোঁড়া হয়েছে। সেখানেই তাদের দাফন করা হয়।

নিহত জালাল উদ্দিন ঠান্ডুর (৬০) বাড়ি গিয়ে দেখা যায়, মা করদজান, স্ত্রী রোকেয়া বেগম, সন্তান ও বোনেরা বিলাপ করছেন।

স্ত্রী রোকেয়া বেগম জানান, কুয়াকাটা যাত্রার পথে তার স্বামীর সঙ্গে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কথা হয়। তখন তারা পদ্মা সেতুর কাছাকাছি ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার খবর পান তার মেয়ের মাধ্যমে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নিহত ছয়জনের জানাজা নামাজ শেষে পরিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ি জয়েরটেক এলাকায় এক মাঠে নিহত ছয়জনের জানাজা হয়।

জানাজায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্যাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম, মহানগর জাতীয় পার্টির সভাপতি এমএম নিয়াজ উদ্দিন, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।