২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি যাওয়ার আরও সুযোগ তৈরিতে কাজ চলছে: রাষ্ট্রদূত

ইতালি যেতে বাংলাদেশিদের ভিসার কোটা বাড়াতে দুদেশের সরকার কাজ করছে, জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 12:27 AM

Updated : 23 Jul 2022, 12:35 AM

বাংলাদেশিদের জন্য ইতালির ভিসার কোটা বাড়াতে দুদেশেরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা।

শুক্রবার দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত।

জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পথে ইতালি যাওয়া সবার জন্য উদ্বেগের মন্তব্য করে তিনি বলেন, তাই মানবিক কারণে শ্রম অভিবাসীদের প্রতারণা ও নির্যাতন থেকে বাঁচাতে জনসচেতনতা বাড়ানো একান্ত প্রয়োজন।

ইতালির রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সম্মুখীন হচ্ছে, যারা বলকান এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সে দেশে ঢোকার চেষ্টা করছে।

মানবপাচার বন্ধের জন্য পাচারকারীদের দমন ও অবৈধ অভিবাসন বন্ধে জনসচেতনতা বাড়াতে সচেতনতা জরুরি উল্লেখ করে এনরিকো নুনজিয়াতা বলেন, বাংলাদেশ ও ইতালির উভয় সরকার একটি চুক্তির উপর কাজ করছে। এই চুক্তির ফলে বাংলাদেশি শ্রমিকরা কাজের জন্য ইতালি যেতে পারবেন এবং বাংলাদেশের জন্য সংরক্ষিত তিন হাজার মানুষের কোটা সুবিধা লাভ করবে। এ সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

এই চুক্তির ফলে ছাত্র, গবেষক ও বিনিয়োগকারীরা ইতালি যাতায়াত করতে পারবেন বলে জানান তিনি।

দক্ষ শ্রমিক তৈরি করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতেও বাংলাদেশের প্রতি আহ্বান জানান এই রাষ্ট্রদূত।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।

এ ছাড়া মতবিনিময় সভায় জেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, মসজিদের ইমাম, ইতালিফেরত ও সাংবাদিকরা অংশ নেন।