২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনে আরিফ হত্যা: বিচার চায় প্রবাসীরা, প্রশাসনের আশ্বাস

আরিফকে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম এখনও গোপন রাখা হয়েছে। ৭ বছরের পুরনো এ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে বলে সিটি মেয়র জানান।

বস্টনে আরিফ হত্যা: বিচার চায় প্রবাসীরা, প্রশাসনের আশ্বাস

আরিফ হত্যার বিচার দাবিতে কেমব্রিজ সিটি হলের সামনে প্রবাসীরা

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 03:43 PM

Updated : 10 Jan 2023, 07:15 PM

যুক্তরাষ্ট্রের বস্টনে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফের নিহত হওয়ার বিচার দাবিতে বিক্ষোভ করেছে প্রবাসীরা, ‘সুষ্ঠু তদন্তের’ আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় সোমবার বিকেলে কেমব্রিজ সিটি হলের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)’।

কর্মসূচিতে অংশ নেয় বস্টন এলাকায় মানবাধিকার নিয়ে কাজ করা ৫১ সংগঠন ও আরিফের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বস্টনের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় স্লোগান ওঠে- ‘জাস্টিস ফর ফয়সল’, ‘ফয়সল নিডেড হেল্প নট বুলেটস’।

সমাবেশে উপস্থিত ছিলেন কেমব্রিজের মেয়র সুমবুল সিদ্দিকী, কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন ইলো, মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়েন রায়ান ও কেমব্রিজের ম্যানেজার ই-য়েন হুয়াং।

আরিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবিতে সমাবেশে ক্ষুব্ধ প্রবাসীদের পক্ষে মেয়রের সঙ্গে কথা বলেন প্রবাসী ইকবাল ইউসুফ, সালাহউদ্দিন চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, আব্দুল আজিজ ও মোহাম্মদ রহমান বাবুল।

এসময় মেয়র সুমবুল সিদ্দিকী বলেন, “আজ আমি আপনাদের দুঃখবোধ, কষ্ট, হতাশা আর বিভ্রান্তির সঙ্গে সংহতি প্রকাশ করছি। তদন্ত চলছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে তদন্ত রিপোর্ট পাঠানোর পর তারা সিদ্ধান্ত নেবেন কী ধরনের অভিযোগ গঠিত হবে গুলিবর্ষণকারীর বিরুদ্ধে।” 

যুক্তরাষ্ট্রের কেমব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, ক্ষোভ

জাস্টিস ফর ফয়সাল: বিচার দাবিতে বস্টনে প্রবাসীদের বিক্ষোভ

বস্টনে বাংলাদেশি শিক্ষার্থী আরিফের দাফন

Image

আরিফ হত্যার বিচার দাবিতে কেমব্রিজ সিটি হলের সামনে প্রবাসীরা

তদন্তের জন্য সময় চেয়ে পুলিশ কমিশনার ক্রিস্টিন ইলো বলেন, “জনগণের আস্থা অটুট রাখতে আমরা সাধ্যমতো সচেষ্ট রয়েছি। কারণ এমন একটি মর্মান্তিক ঘটনা প্রশাসনের সঙ্গে সর্বসাধারণের সম্পর্কে অবনতি ঘটাতে পারে।”

আরিফকে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম এখনও গোপন রাখা হয়েছে। ৭ বছরের পুরনো এ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে বলে সিটি মেয়র জানান।

এদিকে বস্টনের পুটনাম অ্যাভিনিউতে মার্টিন লুথার কিং জুনিয়র হাই স্কুলে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত একটি সভার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। তারপর ১৮ জানুয়ারি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত কেমব্রিজ সিটি হলে আরেকটি সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়।

আরিফের মৃত্যুর ঘটনাটি ঘটে কেমব্রিজ শহরের চেস্টনাট স্ট্রিটে বুধবার দুপুরে। হটলাইনে পুলিশ খবর পায়, এক তরুণ ছোরা হাতে একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে বেরিয়েছে। তারপর সেখানে পুলিশ উপস্থিত হয় এবং তাদের গুলিতে প্রাণ যায় আরিফের।

মা-বাবার একমাত্র ছেলে আরিফ বছর সাতেক আগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যুক্তরাষ্ট্রে আসেন। ২০ বছর বয়সী এ তরুণ পড়ালেখা করছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস- এর বস্টন ক্যাম্পাসে।