শেখ হাসিনার নেতৃত্বে ‘অভূতপূর্ব সাফল্য’ এসেছে: কংগ্রেসম্যান গ্রেগরি মিকস
“যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়েও নানা প্রশ্নের উদ্রেক ঘটেছে। ডনাল্ড ট্রাম্পের অগণতান্ত্রিক আচরণে এহেন অবস্থা তৈরি হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে নিরন্তরভাবে আমরা কাজ করছি,” বলেন তিনি।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব সাফল্য এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির র্যাঙ্কিং মেম্বার ও কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের চেয়ারপারসন গ্রেগরি মিকস।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্সে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমসাময়িক বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় গণতান্ত্রিক ধারার প্রতি জোর দিয়ে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মজবুত করতে হয়। গণতন্ত্র যথাযথ কাজ করলে মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটানো সহজ হয়। উন্নয়নের অভিযাত্রা ত্বরান্বিত হয়।
“যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়েও নানা প্রশ্নের উদ্রেক ঘটেছে। ডনাল্ড ট্রাম্পের অগণতান্ত্রিক আচরণে এহেন অবস্থা তৈরি হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে নিরন্তরভাবে আমরা কাজ করছি।”
মতবিনিময় অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন ডেমক্র্যাট মোর্শেদ আলম। স্বাগত বক্তব্যে তিনি মিকসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের ব্যাপারে মনোযোগী থাকার জন্য ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের ডেমক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির (ডিএনসি) অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী সভায় কো-চেয়ারের দায়িত্ব পালন করেন।
সভায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার কংগ্রেসম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ইতোমধ্যে স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করার সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন। কোনো মহলের রাজনৈতিক বিদ্বেষমূলক অপপ্রচারে কুইন্স থেকে ১৩ বারের নির্বাচিত কংগ্রেম্যান গ্রেগরি মিকস যাতে বিভ্রান্ত না হন, সেই আহ্বান জানান।
পরে গ্রেগরি মিকস বলেন, “যুক্তরাষ্ট্রে পুলিশী বর্বরতার বিরুদ্ধে তুমুল আন্দোলন হলেও কমেনি। একই অবস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তেও বিরাজমান। বাংলাদেশের ব্যাপারেও নানা কথা শোনা যায়। আশা করছি মানবিকতার স্বার্থে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের পুলিশী আচরণ সংশোধিত হবে।”
কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারপারসন হিসেবে (২০২২ সাল পর্যন্ত) দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুও স্থায়ী ও টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহ ফলপ্রসূ হচ্ছে না রাশিয়া ও চীনের কারণে। নিরাপত্তা পরিষদে এ দুটি দেশ ভিটো দিয়ে আসছে রোহিঙ্গা ইস্যুতে।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন হচ্ছে জনগণের পছন্দের সরকার গঠনের একমাত্র অবলম্বন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করা সবার জন্য জরুরি।
যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ উল্লেখ করে গ্রেগরি মিকস বলেন, “ডনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী আচরণ ও মনোভাবের প্রেক্ষিতে গোটা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বাইডেন চেষ্টা করছেন সকল দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে।
“সে অভিপ্রায়ে আমরা ডেমক্র্যাটরা একযোগে কাজ করছি। তাই সামনের বছরের নির্বাচনটি বাংলাদেশের মত যুক্তরাষ্ট্রের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ব্যালট যুদ্ধে সকল অগণতান্ত্রিক শক্তিকে পরাস্থ করে জনগণের শাসন প্রতিষ্ঠার মধ্যদিয়ে শান্তি ও সমৃদ্ধির পথ সুগম করতে হবে।”
তিনি জানান, রোববার ব্রুকলিনে মেডগার এভারট কলেজের মিলনায়তনে ব্ল্যাক ককাসের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের চলমান সংকট নিয়ে কথা বলেছেন।
“সে সময় আমরা সংকল্প ব্যক্ত করেছি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের এবং সকলের ভোটাধিকার নিশ্চিত করতে জন ল্যুইসের ভোটাধিকার আইনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছি।”
বাংলাদেশের প্রসঙ্গ টেনে গ্রেগরি মিকস বলেন, “সাফল্যের অনেক গল্প রয়েছে বাংলাদেশের। গত ১৫ বছরে দেশটি নিতান্তই গরিব থেকে মাঝারি আয়ের দেশে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ গ্রোয়িং, গেটিং স্ট্রংগার এবং অনেক গুরুত্বপূর্ণ হিসেবে অধিষ্ঠিত হচ্ছে।”
করোনাভাইরাস মহামারীর মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী ছিল বলে মন্তব্য করেন মিকস।
পরে অনুষ্ঠান শেষে নিজাম চৌধুরী ও মোর্শেদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, সামগ্রিক পরিস্থিতির আলোকে মতবিনিময় অনুষ্ঠানটির গুরুত্বপূর্ণ ছিল। কারণ অনেকেই ‘বিভ্রান্তিকর তথ্য দিয়ে’ কংগ্রেসের গুরুত্বপূর্ণ এই সদস্যসহ অনেককেই ‘দূরে সরিয়ে রাখার’ প্রয়াস চালাচ্ছে।
বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক ফ্রন্টের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার জিএসপি সুবিধা পুনর্বহালের জন্যে কংগ্রেসম্যানের সহায়তা চাইলে গ্রেগরি মিকস বলেন, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। শ্রমিক কল্যাণের জন্যে আরও কিছু কাজ করতে হবে বাংলাদেশকে।
এ আয়োজনে সার্বিক সহযোগীদের মধ্যে আরও ছিলেন জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা মুজিবউদ্দিন, রানা খান ও এম রহমান জহীর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, আইরিন পারভিন, মহিউদ্দিন দেওয়ান, এম জাহাঙ্গির, শামসুল আবদিন, ডেনি চৌধুরী, সালেহা মোর্শেদ, বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট সাহিদা হাই, কানেকটিকাট আওয়ামী লীগের প্রেসিডেন্ট জিহাদুল হক জিহাদ।
