২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে ভবন থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর মৃত্যু

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযান চলাকালে ধরা পড়ার ভয়ে ভবনের তিনতলা থেকে লাফ দেন তিনি।

আবুধাবিতে ভবন থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর মৃত্যু

মো. আনোয়ার হোসেন (৩৪)

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 14 Nov 2022, 06:49 PM

Updated : 14 Nov 2022, 06:49 PM

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ভবনের তিনতলা থেকে লাফিয়ে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৩৪), বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। পিতার নাম আব্দুল হাই জমাদ্দার।

দুর্ঘটনায় আহত একই জেলার অপর বাংলাদেশি মো. সজিব (২৮) স্থানীয় শেখাবুত হাসপাতালে চিকিৎসাধীন। তার পিতার নাম সিকান্দর মাতবর।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. আব্দুল আলীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের প্রতিবেশী আরেক বাংলাদেশি বাবুল মাতবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩১ অক্টোবর স্থানীয় সময় রাতে আবুধাবিতে একটি ভবনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযান চলাকালে ধরা পড়ার ভয়ে ভবনটির তিনতলা থেকে মো. আনোয়ার হোসেন ও মো. সজিব (২৮) ঝাঁপ দেন। এতে আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।

নিহত আনোয়ার আট বছর ধরে আবুধাবিতে বসবাস করছিলেন এবং ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে একটি কোম্পানিতে কাজ করতেন। ‘নিয়মিত বেতন না পাওয়ায়’ তিনি কোম্পানি থেকে পালিয়ে আসেন এবং অবৈধ হয়ে পড়েন।

অন্যদিকে সজীব ভিজিট ভিসায় আবুধাবি এসে অবৈধ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।

দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. আব্দুল আলীম মিয়া জানান, নিহতের লাশ সোমবার স্থানীয় সময় রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা যাবে।