২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নামে রাস্তা

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়ছে বলে মনে করছেন প্রবাসীরা।

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নামে রাস্তা

এ সড়ক দ্বীপেই ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ নামফলক উন্মোচন করা হবে

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2023, 09:31 PM

Updated : 24 Nov 2023, 09:33 PM

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের মাস ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে নামকরণ করা হচ্ছে বাংলাদেশের নামে রাস্তা।

‘বাংলাদেশ অ্যাভিনিউ’ নামে এ রাস্তাটির অবস্থান পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে দেলওয়ারে কাউন্টির মিলবোর্নে মার্কেট স্ট্রিট এবং স্টেলার অ্যাভিনিউর কর্নারে।

আসছে ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর নামফলক উন্মোচন করা হবে বলে জানান মিলবোর্ন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব।

তিনি জানান, মার্কেট স্ট্রিট থেকে গার্ডেন কোর্ট পর্যন্ত পুরো এলাকাটি ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হতে যাচ্ছে। রাস্তার নামকরণ সম্পর্কিত রেজ্যুলেশন ইতোমধ্যে সিটি কাউন্সিলে পাশ হয়েছে।

মেয়র মাহবুবুল বলেন, “এ উপলক্ষে ওইদিন বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসব চলবে। এলাকার নির্বাচিত সব জনপ্রতিনিধি ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী উৎসবে অংশ নিতে। দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাহলে পরবর্তীতে প্রবাসীদের জন্য আরো বড় কিছু করা সম্ভব হবে।” 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নামে রাস্তা এটিই প্রথম নয়। নিউ ইয়র্কের ব্রঙ্কসে ‘বাংলাবাজার অ্যাভিনিউ’, কুইন্সের হিলসাইড এবং জ্যাকসন হাইটস, ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাকে ‘লিটল বাংলাদেশ’, ‘বাংলাদেশ স্ট্রিট’ এবং ওজোনপার্কে ‘বাংলাদেশ স্ট্রিট’ রয়েছে।

মিশিগানের ডেট্রয়েট সিটিতেও ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ এবং নিউ জার্সির প্যাটারসনে ‘জালালাবাদ স্ট্রিট’ রয়েছে। এছাড়া লস অ্যাঞ্জেলেসে ‘লিটল বাংলাদেশ’ এবং শিকাগোতে রয়েছে ‘শেখ মুজিব ওয়ে’।

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়ছে বলেই এগুলো সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রবাসীরা।