অস্ট্রেলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের নতুন কমিটি
১৩ সদস্যের এ কমিটি কাজ করবে ২০২৬–২০২৭ মেয়াদে।
নিজেদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া’। ১৩ সদস্যের এ কমিটি কাজ করবে ২০২৬–২০২৭ মেয়াদে।
রোববার সিডনিতে রুটি হিল স্কুল অব আর্টস হলে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা থেকে এ ঘোষণা আসে।
নতুন এই কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— তাহমিনা রহমান বীনা, রাশিদুল মোবাশ্বর (মিকন), সানদিদ বিন একলিম (মৌসুম), মোহাম্মদ শফিকুল হায়দার চৌধুরী (সুমন), উজ্জ্বল প্রধান, এস কে হোসেন আহমেদ (টিটু), জেরীন আফরীন, কে এম জাকির হাসান (তিতাস), মো. হাসান শাহ্ রিপন, সাদ্দাম হোসাইন, জান্নাতুল ফিরদাউস (সুমাইয়া), আবরার ফয়সাল এবং শাহরিয়ার হিমেল।
দায়িত্ব নেওয়ার পর কমিটির সদস্যরা অস্ট্রেলিয়ায় বসবাসরত জাবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সম্প্রীতি আরও বাড়ানোর কথা জানান। সেইসঙ্গে প্রবাসে সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে ভবিষ্যতে আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়ে তারা গুরুত্ব দেন।
কমিটি ঘোষণার আগে, সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সাধারণ সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও কার্যকর ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে নিজেদের সহযোগিতার আশ্বাস দেন।
