নিউ ইয়র্কে ঊনবাঙালের ৪১তম সাহিত্যসভা
এবারের সাহিত্যসভার বিষয় ছিল ‘প্রবাসে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা’।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজেদের ৪১তম সভা করেছে প্রবাসী সাহিত্য সংগঠন ‘ঊনবাঙাল’।
শনিবার বিকেলে জ্যামাইকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সাহিত্যসভার বিষয় ছিল ‘প্রবাসে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমন শামসুদ্দিনের সঞ্চালনায় সভার সূচনা করেন প্রতিষ্ঠানের সভাপতি মুক্তি জহির। আলোচক ছিলেন কাজী জহিরুল ইসলাম, আহসান হাবিব ও শেখ সিরাজ।
কাজী জহিরুল ইসলাম তার আলোচনায় সৃজনশীল সাহিত্যের ধারাটি সবচেয়ে বেশি অবহেলিত বলে উল্লেখ করেন। প্রতিভা শনাক্ত করে তাদের তুলে ধরতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি।
আহসান হাবিব বলেন, “সস্তা বিনোদনের প্রতি পৃষ্ঠপোষকদের বেশি আগ্রহ পরিলক্ষিত হয়, তাদেরকে মেধাবিকাশে আগ্রহী করে তুলতে হবে।”
শেখ সিরাজ ব্যাখ্যা করেন, কেন সমাজের বিত্তবানরা প্রতিভা বিকাশে এগিয়ে আসেন না। তিনি বলেন, “কারণ তারা সচেতন নাগরিক নন। শিক্ষিত ও সচেতন নাগরিক হয়ে উঠার জন্য দরকার পাঠাভ্যাস।”
সভার দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। ইমাম চৌধুরীর সঞ্চালনায় এ পর্যায়ে অংশ নেন দিমা নেফারতিতি, নাসিমা আখতার, সুমন শামসুদ্দিন, আহসান হাবিব, সুলতান বোখারী, মিয়া এম আসকির, রেণু রোজা, মুন্না চৌধুরী, সোহানা নাজনীন, নানজীব ইমাম চৌধুরী, নিবরাস ইমাম চৌধুরী, হুমায়ূন কবীর, ওয়াহেদ হোসেন, দেওয়ান নাসের রাজা, মো. নজরুল ইসলাম ও এস এম মোজাম্মেল হক।
