২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওহাইওতে স্বাধীনতার ইতিহাস নিয়ে পোস্টার প্রদর্শনী

১৯০৫ থেকে ১৯৭১ পর্যন্ত সময়ের পোস্টার আর তার বর্ণনা দিয়ে এ প্রদর্শনী সাজানো হয়।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 08:15 PM

Updated : 20 Dec 2023, 08:54 PM

বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে পোস্টার প্রদর্শনী।

‘দ্য বার্থ অব বাংলাদেশ’ শিরোনামে এ প্রদর্শনীর পরিকল্পনা ও আয়োজনে ছিলেন তিন বাংলাদেশি তরুণ- ফাহিম আরহাম, হাসান ফারুক ও মুহাম্মদ নাফিসুর রহমান।

শনিবার ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে ‘বিজয়ের আনন্দে’ নামক অনুষ্ঠানে তারা এ আয়োজন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বিজয়ের দিন পর্যন্ত সময়ের পোস্টার আর তার বর্ণনা দিয়ে এ প্রদর্শনী সাজানো হয়। ১১ ইঞ্চি প্রস্থ ও ১৭ ইঞ্চি দৈর্ঘ্যের মোট ৩২টি পোস্টার স্থান পায় এতে।

প্রদর্শনীতে শিশু ও প্রাপ্তবয়স্করা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সঠিক উত্তরদাতা ৪ শিশু এবং ৪ প্রাপ্তবয়স্ক পুরস্কার পান। বিজয়ী শিশুদের পুরস্কার দেন বীর মুক্তিযোদ্ধারা এবং প্রাপ্তবয়স্কদের পুরস্কার দেন জয়ী নতুন প্রজন্ম।

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল গান, আবৃত্তি, অভিনয়, নাচ, শিশুদের চিত্রাঙ্কন এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে গল্প শোনা।

অনুষ্ঠানের ব্যবস্থাপনা দলের অন্যতম নির্বাহী সদস্য তিন তরুণ ফাহিম, হাসান ও নাফিস জানান, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতেই তাদের এই উদ্যোগ। প্রবাসী কিশোর-কিশোরীরা উৎসুক আর মনোযোগী চোখে বারবার পড়ে গেছে স্বাধীনতার বীরত্বগাথা।

আয়োজক তিন তরুণের মধ্যে হাসান পেশায় জ্যাভিয়ার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান। নাফিস ইউনিভার্সিটি অব সিনসিনাটির কমিউনিকেশন ডিজাইন বিভাগের অধ্যাপক। অন্যদিকে ফাহিম সিনসিনাটি চিলড্রেন বিভাগের ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এবং খণ্ডকালীন অধ্যাপক।