ব্রুনেইয়ে অভিবাসন আইন ভেঙে কারাগারে দুই বাংলাদেশি
দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অভিযানে তাদের আটক করা হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশিকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তাদের একজনকে তিনটি বেত্রাঘাতের সাজাও দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন মো. নাজমুল (২৬) ও মো. ইয়াসিন আরাফাত (২১)।
বৃহস্পতিবার দেশটির অভিবাসন ও জাতীয় নিবন্ধন বিভাগের (আইএনআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রুনেইয়ের ইংরেজি দৈনিক বর্নিও বুলেটিন।
প্রতিবেদন অনুযায়ী, দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পরিচালিত ‘অপারেশন সেপাডু গেট কিপার ২০২৬’-এর আওতায় ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নাজমুলের বিরুদ্ধে অভিবাসন পাসের মেয়াদ শেষ হওয়ার পরও ব্রুনেইয়ে অবস্থানের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ মাসের কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর থেকে তার সাজা কার্যকর হয়েছে।
অন্যদিকে, ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে পাসপোর্টে উল্লিখিত পেশার বাইরে অন্য কাজে নিয়োজিত থাকা এবং অভিবাসন পাসের মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থানের অভিযোগ প্রমাণিত হয়।
প্রথমে তাকে চার মাসের কারাদণ্ড, তিনটি বেত্রাঘাত ও ৬০০ ব্রুনেই ডলার জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে না পারায় তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর রিমান্ডে নেওয়ার দিন থেকে তার সাজা কার্যকর হয়েছে।
এদিকে ‘অপারেশন কাকাস ২০২৬’-এর আওতায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তিন ইন্দোনেশীয় নারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের সাজা এক বছর দুই মাস, আরেকজনের চার মাস এবং তৃতীয়জনের পাঁচ মাস।
অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিতে জনসাধারণকে উৎসাহিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ জন্য বিভাগের আইন প্রয়োগ শাখার হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।
