পর্তুগালে সড়কে প্রাণ ঝরল ২ বাংলাদেশির
সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে করে বাসায় ফিরছিলেন তারা।
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন পর্তুগিজ নাগরিক।
নিহতরা হলেন- শাহিনুর রহমান (২৭) এবং ইব্রাহীম আখন্দ (৪১)। শাহিনুরের বাড়ি ঢাকার নবাবগঞ্জে এবং ইব্রাহীম মাদারীপুর জেলার রাজৈর থানার বাসিন্দা।
শনিবার রাতে পর্তুগালের সান্তারাই জেলার ইনট্রোকামেন্টো শহরে এ দুর্ঘটনা ঘটে, স্থানীয় বাংলাদেশ দূতাবাস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যম ‘কফিনা মিডিয়ায়’ প্রকাশিত এক খবরে বলা হয়, ওইদিন সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে করে বাসায় ফিরছিলেন তারা। দুর্ঘটনার পর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে শাহিনুর ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ২ বাংলাদেশিই কৃষিকাজ করতেন, তাদের লাশ বর্তমানে সান্তারাই সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে।
