১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোটা আন্দোলনের অবসান হবে শেখ হাসিনার নেতৃত্বেই: মোমেন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।

কোটা আন্দোলনের অবসান হবে শেখ হাসিনার নেতৃত্বেই: মোমেন
সভায় বক্তব্য দিচ্ছেন এ কে আব্দুল মোমেন।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:45 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

গত ৪৩ বছর নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের মহাসড়কে উঠিয়েছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে বাংলাদেশ। তাই কোটাবিরোধী আন্দোলনের নামে মহলবিশেষের যে অপতৎপরতার গন্ধ পাওয়া যাচ্ছে তারও অবসান ঘটবে জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বেই।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন।

রোববার রাতে নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁর মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এ সভায় প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, খেটে খাওয়া প্রবাসী এবং তাদের স্ত্রী-সন্তান-স্বজনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্মার্ট কার্ড ইস্যু করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। এই কার্ডধারীরা বাংলাদেশের যে কোন এয়ারপোর্টে বিশেষ চ্যানেলে যাতায়াত করতে পারবেন। প্রবাসীর সন্তানরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। যে কোন অফিসে প্রয়োজনীয় কাজেও অগ্রাধিকার পাবেন।

পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে আসা মোমেন উল্লেখ করেন, ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করা হয়েছে। এর ফলে দিবসটিতে বিদেশের সব মিশনে প্রবাসীরা নিজেদের সমস্যা, অসুবিধার কথা অবাধে উপস্থাপন করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ রচনার পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও বিদেশের অভিজ্ঞতা স্বাধীনভাবে পেশ করতে পারবেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রদীপ কর।

নানা বিষয়ে আরও কথা বলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, হাজী এনাম, হাকিকুল ইসলাম খোকন, শাহ বখতিয়ার, শামসুল আবদিন, ওহিদুর রহমান মুক্তা, মোজাহিদুল ইসলাম, ফারুক হোসেন, এম এ বাতের, সরাফ সরকার, মো. আকতার হোসেন, বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সভাপতি মোর্শেদা জামান, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল, রুমানা আকতার, জলি কর, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, শেখ জামাল, ইফজাল চৌধুরী, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, জেড চৌধুরী জয়, জাহাঙ্গির এইচ মিয়া এবং এ কে আব্দুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেন।