Published : 14 Jul 2026, 02:00 PM
স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।
পাকিস্তানের ইসলামাবাদে চলমান ওআইসি নারী বিষয়ক নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের এক পার্শ্ব-বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা একথা জানান।
রোববার অনুষ্ঠিত এ দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত জানানো হয় মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের ফেইসবুকে পেইজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বৈঠকে বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণবিষয়ক মন্ত্রী গিলা আলী নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
এতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতার বিষয়গুলো আলোচিত হয়। আলোচনায় স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ খাতকে প্রাধান্য দিয়ে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, নারী ও শিশুর কল্যাণ, মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের ক্ষেত্রে উভয় দেশের অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
এছাড়া সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর অংশীদারিত্ব বাড়াতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করার ওপর উভয় দেশের প্রতিনিধিরা গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ সরকার মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক কেবল সরকারি পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং তা জনগণের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।”
অন্যদিকে, মালদ্বীপের মন্ত্রী গিলা আলী তার দেশের উন্নয়ন প্রক্রিয়ায় কর্মরত বাংলাদেশি পেশাজীবী ও প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহের কথা জানান।