জেনিভায় বিজয় দিবস উদযাপিত
'বিদেশি লবিস্ট নিয়োগ করে দেশের কুৎসা রটনাকারী'দের প্রতিহত করার আহ্বান করেন বিজয় দিবসের আলোচনা সভার বক্তারা।
সুইজারল্যান্ডের জেনিভায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে দিনব্যাপি বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল-সন্ধ্যা মিলিয়ে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং বাণী পাঠ ও বিশেষ প্রার্থনা করা হয়।
সন্ধ্যায় জেনিভায় বাংলাদেশ স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত আলোচনা সভার শুরুতে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর স্বাধীনতা যুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। সভায় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা বাংলাদেশের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি নেতিবাচক প্রচারণা মোকাবেলায় প্রবাসীদের ভূমিকা জোরদার করার ব্যাপারে আলোকপাত করেন।
আলোচনা সভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি সুফিউর রহমান বলেন, “স্বাধীনতার পাঁচ দশকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার যেকোনও প্রতিবেশী দেশের চেয়ে সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে অধিকতর সাফল্য অর্জন করেছে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দৃশ্যমান।”
তিনি বলেন, “নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভূরাজনৈতিক কারণেও বাংলাদেশকে বেশ কিছু অভ্যন্তরীণ ও বৈদেশিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এবং সেজন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
উপস্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক তার বক্তব্যে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে স্নায়ুযুদ্ধকালীন পরিস্থিতি ও সেই প্রেক্ষিতে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।
বর্তমান সরকারের আমলে বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি নেতিবাচক প্রচারণা মোকাবেলায় প্রবাসীদের ভূমিকা জোরদার করার দাবি করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান বলেন, “দেশের খেয়ে দেশের সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করেও একদল খুনি খন্দকার মোশতাকের প্রেতাত্মারা লবিস্ট নিয়োগ করেছে। তারা বিদেশি প্রভুদের কাছে নিজের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে কঠোর হস্তে দমন করার দাবি জানাচ্ছি।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ, সাংবাদিক এবং ব্লগার অমি রহমান পিয়াল, সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল এবং উপদেষ্টা আব্দুর রব ।
এসময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল জুনায়েদ আইয়ানসহ বাংলাদেশ কমিউনিটির আরও অনেকেই।
