হামলায় আহতদের দেখতে হাসপাতালে বাহরাইনের যুবরাজ
তিনি প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামসহ আহত অন্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে ইরানের হামলায় আহতদের খোঁজ খবর নিতে রাজধানী মানামার সালমানিয়া হাসপাতাল পরিদর্শন করেছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা।
মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনের সময় সেখানে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামসহ আহত অন্যদের সঙ্গে কথা বলেন যুবরাজ। তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় তিনি বলেন, দেশের নাগরিক ও প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
অর্থনীতি বিষয়ক মন্ত্রী সালমান বিন খালিফা আল খলিফা এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. জলিলা বিনতে আল সাঈদ জাওয়াদ হাসান এ সময় যুবরাজের সঙ্গে ছিলেন।
যুবরাজ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারত্বের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
