২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বাংলাদেশি শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর

হসপিটালিটি সেক্টরে ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্যে বাংলাদেশি শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর

অনুষ্ঠান স্মারক নিচ্ছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (মাঝে)।

আনসার আহমেদ উল্লাহ

যুক্তরাজ্য থেকে

Published : 28 Apr 2024, 11:05 AM

Updated : 28 Apr 2024, 11:05 AM

যুক্তরাজ্যের হসপিটালিটি এবং ক্যাটারিং খাতে কাজ করতে চাওয়া বাংলাদেশি রেস্তোরাঁ-কর্মীদের জন্য ভিসার শর্ত সহজ করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ’-এর (এপিপিজি) বাংলাদেশ বিষয়ক একটি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

হসপিটালিটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুক্তরাজ্যের বিভিন্ন শহর ও শহরের বাংলাদেশি রেস্তোরাঁগুলো সুদক্ষ কর্মীর অভাবের সম্মুখীন হচ্ছে। কারণ, যুক্তরাজ্য ন্যূনতম বার্ষিক বেতন ৩ হাজার ৮০০ পাউন্ডে উন্নীত করেছে, যা অনেক রেস্তোরাঁর মালিকদের পক্ষে বহন করা কষ্টসাধ্য।”

“বাংলাদেশ দক্ষ নির্মাণশ্রমিক ও খামারশ্রমিক দিতে পারে, যারা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে পারবে।” 

বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযোগে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য রেস্তোরাঁকর্মী, চিকিৎসক ও নার্সসহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্রনীতির ফলে বিগত ১৫ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার এখনও অনেক ক্ষেত্র অন্বেষণের সুযোগ রয়েছে।”

এপিপিজি অন বাংলাদেশ চেয়ার সাংসদ রুশনারা আলী সভাপতিত্ব এ সংলাপে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, সাংসদ বব ব্ল্যাকম্যান ও এপিপিজির ভাইস-চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া বক্তব্য দেন।