২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের সুক আল-জুম্মা, প্রবাসীদের আয়ের পথ

স্বল্প পুঁজিতে বেশি লাভের সুযোগ থাকায় সেখানে অনেক বাংলাদেশি ব্যবসা করছেন।

কুয়েতের সুক আল-জুম্মা, প্রবাসীদের আয়ের পথ

পুরনো পণ্যই এ বাজারের মূল আকর্ষণ

আ হ জুবেদ

কুয়েত থেকে

Published : 20 Jul 2023, 05:55 PM

Updated : 20 Jul 2023, 05:57 PM

আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তের দেশ কুয়েত। পশ্চিম এশিয়ার এ দেশটিতে কেনাবেচার জনপ্রিয় একটি জায়গা ‘সুক আল-জুম্মা’ বা ‘ফ্রাইডে মার্কেট’, এ বাজার হয়ে ওঠেছে অনেক প্রবাসী বাংলাদেশির আয়ের অন্যতম পথ।  

দেশটির সুয়েখ এলাকায় সপ্তাহে তিনদিন খোলা এ বাজারে মেলে নতুন-পুরনো পণ্যের সমাহার। পাওয়া যায় ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, রেডিমেড কাপড়, বাসনপত্র, কার্পেট, ব্যাগ, সোফা সেট, ফার্নিচার ও গেজেট ইত্যাদি।

বৃহস্পতি থেকে শনিবার খোলা এ বাজারে পুরো এক মাসের উপার্জন করে থাকেন অনেক বিক্রেতা। স্বল্প পুঁজি দিয়ে বেশি লাভের সুযোগ থাকায় সেখানে অনেক প্রবাসী বাংলাদেশিও ব্যবসা করছেন।

মুন্সিগঞ্জের মো. সাবুদ্দিন দীর্ঘদিন ধরে সুক আল-জুম্মায় সোফা ব্যবসা করছেন। তিনি বলেন, “ব্যবসার ক্ষেত্রে ভালো-খারাপ দুটা মিলিয়েই চলছে সময়। দোকান ভাড়া আগের চেয়ে একটু বেশি, পাশাপাশি স্থানীয় বাজারের নিয়মকানুন মেনে ব্যবসা করাও অনেকটা কঠিন হয়ে উঠেছে।” 

Image

বাজারে আসা কয়েকজন ক্রেতা

সাবুদ্দিন জানান, সুক আল-জুম্মায় সোফার মূল্য তুলনামূলক কম। দাজিজ এলাকার সোফা মার্কেটে যদি মূল্য ১৫০ কুয়েতি দিনার হয়ে থাকে, তাহলে সেটি সুক আল-জুম্মায় পাওয়া যাবে প্রায় অর্ধেক মূল্যে।

১৫ বছর ধরে এ বাজারে পুরনো ইলেক্ট্রনিক জিনিসপত্র বিক্রি করছেন সিলেটের শামীম আহমদ। তিনি জানান, স্থানীয় বিভিন্ন অফিস ও নাগরিকদের কাছ থেকে পুরনো জিনিসপত্র নিয়ে এসে এ বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তিনি।

শামীম বলেন, “পুরনো পণ্যের কোনো গ্যারান্টি নেই। কাস্টমার তার পছন্দের জিনিস কিনে নিচ্ছেন। কেনা পণ্য ফেরতযোগ্য নয়।”

Image

বাজারের একটি দৃশ্য

অতীতে এই স্থানে খোলা আকাশের নিচে হাট বসতো। এখন এ হাটের যথেষ্ট উন্নতি হয়েছে, তবে শহুরে পরিবেশের মতো সব সুবিধা এখানে নেই। ক্রেতারা যাচাই-বাছাই করে পণ্য কিনে নিতে পারেন।

বিক্রেতারা জানান, শহুরে পরিবেশে যেসব উন্নত শপিং মল রয়েছে সেসব মার্কেটের নতুন পণ্য গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয়। কিন্তু সুক আল-জুম্মায় গ্যারান্টি দেওয়া হয় না। পণ্যের গুণগত মান প্রায় কাছাকাছি, তবে ওইসব মার্কেটের তুলনায় এখানে পণ্যমূল্য অনেক কম।

আধুনিক কুয়েতের সব শহরে অত্যাধুনিক শপিং মলগুলো দৃষ্টি কাড়ার মতো হলেও মরুর বুকে ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় গড়ে ওঠা এ বাজার ব্যবসাবান্ধব জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশিদের কাছে।

কুয়েতের মোট জনসংখ্যার তিনগুণেরও বেশি অভিবাসী রয়েছেন। অভিবাসী সংখ্যার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।