২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল-সবুজে সাজলো অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্যারিলন

স্বাধীনতা দিবস আর বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ উপলক্ষে লাল-সবুজের আলোকসজ্জা হয়েছে ক্যানবেরার ন্যাশনাল ক্যারিলনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 09:01 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

স্থানীয় সময় ২৭ মার্চ রাত ৮টা থেকে ক্যানবেরার আসপেন আইল্যান্ডের এই স্থাপনায় আলোকসজ্জা শুরু হয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন।

হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি এবং হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় সংগীত পরিবেশনায় এ আয়োজনের সূচনা হয়। সেখানে এই আলোকসজ্জা ২৮ মার্চ ভোর ৫টা পর্যন্ত চলবে।

এছাড়া বাংলাদেশের ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করে ক্যানবেরার হাই কমিশন।

অস্ট্রেলিয়ার সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা, চিফ অব প্রটোকলসহ পররাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার সুফিউর রহমান বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক উন্নত, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ।

আগামী দুই দশকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরো ‘ব্যাপক পরিসরে’ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাই কমিশনার বলেন, বর্তমানে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় তিন বিলিয়ন ডলার। বাংলাদেশের অবকাঠামো, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার রয়্যাল মিলিটারি ব্যান্ডের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেই দেশের প্রধানমন্ত্রীর দেওয়া বাণীর ভিডিওচিত্র দেখানো হয় অনুষ্ঠানে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেক কাটার পাশাপাশি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও অয়োজন ছিল। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং উন্নয়নের উপর বিভিন্ন প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এর আগে ২৬ মার্চ সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে হাই কমিশনার সুফিউর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এসময়। এছাড়া, যারা মুক্তিসংগ্রামে অবদান রেখেছেন এবং শহীদ হয়েছেন, তাদের জন্য এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!