২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ৫ দফা

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানকল্পে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেনকে দিয়েছে ‘কোয়ালিশন অব বাংলাদেশী রিলিজিয়াস অ্যান্ড এথনিক মাইনোরিটিজ’ নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 08:05 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

স্থানীয় সময় সোমবার বিকালে সংগঠনের দিলীপ নাথের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ১১ জন প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারী নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ওই স্মারকলিপি জমা দেয়।

তারা টেকসই ও স্থায়ী সমাধান কল্পে একটি সুপারিশনামাও দেন। এ সময় কনসাল জেনারেল মনিরুল ইসলামও সেখানে ছিলেন।

স্মারকলিপির দাবিগুলো হচ্ছে- ১. সংখ্যালঘুদের সংখ্যালঘু স্বীকৃতি দিতে হবে, ২. দেশের প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪টি আসন সংখ্যালঘুদের জন্য রিজার্ভ করতে হবে। তারা সংখ্যালঘু কর্তৃক মনোনীত হয়ে শুধু সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে সংখ্যালঘুদের ভাল-মন্দ দেখভাল করবেন, ৩. পার্বত্য চট্টগ্রাম ও গারো পাহাড়ের অংশবিশেষকে আদিবাসীদের জন্য সংরক্ষিত নিরাপদ এলাকা ঘোষণা করতে হবে, ৪. সংখ্যালঘু সুরক্ষা আইন, অ্যাফার্মেটিভ একশন আইন, হেইট স্পিচ আইন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, এবং ৫. ইসলামিক ফাউন্ডেশনের আদলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ফাউন্ডেশন গঠন করতে হবে।

এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে পৃথক মন্ত্রণালয় স্থাপনের দাবিও জানানো হয়েছে।

কোয়ালিশনের পক্ষে এই স্মারকলিপি হস্তান্তরের আগে তা পড়ে শোনান দ্বিজেন ভট্টাচার্য্য।

স্মারকলিপি দেওয়ার সময় নেতাদের মধ্যে ছিলেন- দিলীপ নাথ, ভজন সরকার, বিদ্যুৎ সরকার, প্রবীর রায়, ভবতোষ মিত্র, প্রিয়তোষ দে, রনবীর বড়–য়া, সুশীল সিনহা, শুভ রায়, দীনেশ মজুমদার এবং শামু রুদ্র ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!