২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ‍্য ইউকে যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিস্তারিত কর্মসূচি নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 11:42 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

এরই ধারাবহিকতায় স্থানীয় সময় সোমবার বিকাল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে সমবেত হয়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।

সংগঠনের যুগ্ম-সম্পাদক আইনজীবী মাহারুন আহাম্মেদ মালার নেতৃত্বে অ্যালামনাই ওই প্রতিনিধিদলটি সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। 

এতে বক্তব্য দেন অ্যালামনাই-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুর রাকীব। মারুফ চৌধুরী তার বক্তব্যে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে  শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন ।

আব্দুর রাকীব বলেন, “ভাষা আন্দোলন,  মুক্তিযুদ্ধসহ দেশের সব ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই নেতৃত্ব দিয়ে এসেছে এবং আগামী দিনে দেশের উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করবে।”

প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মিলন, রিপা সুলতানা রাকীব, এনামুল হক, এম কিউ হাসান এবং বেলাল রশীদ চৌধুরী।

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ঢাবি অ্যালামনাই আগামী ২৭ ফেব্রুয়ারি একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করেছে পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটে অবস্থিত কবি নজরুল সেন্টারে। বিকাল ৪টা থেকে শুরু হতে যাওয়া ওই অনুষ্ঠানে কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!