২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাছে পররাষ্ট্রমন্ত্রীর ২ প্রস্তাব

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) আব্দুল্লাহ শাহিদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 12:54 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে দ্বিপক্ষীয় আলোচনায় ‘এসডিজি বাস্তবায়ন রিভিউ’ বিষয়ে উচ্চ পর্যায়ের ইভেন্ট এবং উন্নয়নশীল দেশসমূহের অর্থ, পররাষ্ট্র ও উন্নয়ন মন্ত্রীদের সমন্বয়ে একটি ফোরাম প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন তিনি।

বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে ‘এসডিজি বাস্তবায়ন রিভিউ’ বিষয়ক উচ্চ পর্যায়ের ইভেন্ট আয়োজনের প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী।

এরপর সাধারণ পরিষদের সভাপতির কাছে ‘সাউথ-সাউথ কো-অপারেশনের’ আওতায় উন্নয়নশীল দেশসমূহের অর্থ, পররাষ্ট্র ও উন্নয়ন মন্ত্রীদের সমন্বয়ে একটি ফোরাম প্রতিষ্ঠার প্রস্তাব করেন।

করোনাভাইরাস মহামারীর পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে তহবিল ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মোমেন জানান, অধিকাংশ তহবিল কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে।

প্রস্তাবিত উচ্চ পর্যায়ের ইভেন্টটির আয়োজন করা হলে তা এসডিজির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা এবং তহবিল ঘাটতি মোকাবিলায় ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

এ ছাড়া সাউথ-সাউথ কো-অপারেশনের (এসএসসি) আওতায় মন্ত্রী পর্যায়ের ফোরাম এসএসসির বিষয়ভিত্তিক আলোচনাকে আরও এগিয়ে নিতে একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করবে বলে জানান আব্দুল মোমেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব দুটিকে স্বাগত জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই সভায় জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ, তাৎপর্যপূর্ণ অবদান ও ফলপ্রসূ নেতৃত্বের প্রশংসা করেছেন সাধারণ পরিষদের সভাপতি।

Image
জাতিসংঘ সদর দপ্তরে চলতি সাধারণ অধিবেশনের সভাপতি আব্দুল্লাহ শাহিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

জাতিসংঘ সদর দপ্তরে চলতি সাধারণ অধিবেশনের সভাপতি আব্দুল্লাহ শাহিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশ ইউএন উইমেন নির্বাহি বোর্ডের সভাপতি, পিসবিল্ডিং কমিশনের চেয়ার, এবং আইএমআরএফ-এর কো-ফ্যাসিলেটেটর হিসেবে দায়িত্ব পালন করছে, যা এর সামর্থ্য ও নেতৃত্বের প্রকাশ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনাভাইরাস মহামারীর মধ্যেও বাংলাদেশের জিডিপির উচ্চ প্রবৃদ্ধি ঘটেছে বলে জানান। মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।

এ ছাড়া কোভিড টিকাকে ‘সার্বজনীন বৈশ্বিক সম্পদ’ হিসাবে ঘোষণার বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্বৃতিও তুলে ধরে মোমেন। সাধারণ পরিষদের সভাপতি জিডিপির প্রবৃদ্ধি ও কোভিড মোকাবিলাসহ বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

সভায় রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা শিশুদের নিজ ভাষায় শিক্ষা, রোহিঙ্গা ক্যাম্পে কোভিড ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা নিজ ভূমি মিয়ানমারে ফেরত যায়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোমেন। এ সময় সাধারণ পরিষদের সভাপতি রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তাতে সম্মতি দেন তিনি।

সরকারি সফরে বর্তমানে নিউ ইয়র্ক অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে ‘গ্যালভানাইজিং মোমেন্টাম ফর ইউনিভার্সাল ভ্যাকসিনেশন’ বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া মহীসোপান সীমা বিষয়ক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের এ সংক্রান্ত সংশোধিত তথ্যাদি উপস্থাপন করার কথা রয়েছে তার।