২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের হাসপাতালে মোমেন

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট এ কে এ মোমেন ‘ইউরিনাল স্টোন’ অপসারণের জন্যে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 12:51 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

বৃহস্পতিবার নিউ জার্সির হ্যাকেনসেক হাসপাতালে ভর্তির পর স্টোন অপসারণের জন্য ইতোমধ্যেই প্রাথমিক একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর পরিপূর্ণ লেজার অস্ত্রোপচারের মাধ্যমে স্টোনটি গুড়িয়ে শরীর থেকে ফেলে দেওয়া হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু এসব তথ্য জানিয়ে বলেব, ৭২ বছরের জীবনে এই প্রথম হাসপাতালে রাত কাটালেন মোমেন। তবে এতে মোটেও ভেঙ্গে পড়েননি তিনি।

টেলিফোনে মোমেন এ সংবাদদাতাকে বলেন, “কানাডার টরন্টোতে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ অংশগ্রহণের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলাম। টরন্টোর হাসপাতালে দিনভর পরীক্ষার পর সামান্য সুস্থ হলেই নিউ ইয়র্কে ফিরেছি। এখানকার খ্যাতনামা ইউরোলজিস্ট মোতাহার আহমেদের পরামর্শে ‘ইউরিনাল স্টোন’ অপসারণের সিদ্ধান্ত নিয়েছি।”

মোমেন আরও জানান, তার চিকিৎসা টিমের সদস্যদের মধ্যে আরও দুই বাংলাদেশি চিকিৎসক রয়েছেন। তারা হলেন- সোহেল আহমেদ এবং ওমর হাসান। এই তিন জনের মধ্যে দু’জনই সিলেটি। ৮ সেপ্টেম্বর শনিবার রাতে জাতিসংঘ মহাসচিবের সাথে ডিনার পার্টি বাতিল করেছেন তিনি। ঢাকায় ফেরার সময়ও পিছিয়ে দিয়েছেন।

মোমেন বলেন, “আমার বয়স এখন ৭২ বছর। ৩৬ বছরের মতো যুক্তরাষ্ট্রে ছিলাম। সৌদি আরবেও ছিলাম কিছুদিন। জীবনে কখনোই হাসপাতালে ভর্তি হতে হয়নি। ঘন ঘন চিকিৎসকের কাছেও যাইনি। এটিই প্রথম ঘটনা হাসপাতালে রাত কাটানোর।

নির্বাচনী প্রচারণার কথা উল্লেখ করে মোমেন বলেব, “বাংলাদেশে ফিরেই সিলেটে গিয়ে নির্বাচনী প্রচারণায় নামতে হবে। সিলেট-১ থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার কথা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বঙ্গবন্ধু কন্যা দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তাই ফেরার আগেই সবকিছু চেকআপ করার একটি সুযোগ পেয়ে পরম করুণাময়ের শোকরানা আদায় করছি।”

সম্প্রতি এক অনুষ্ঠানে আগামী নির্বাচনে দলের মনোনয়ন দেওয়ার সময় নিজের আসনে ভাই মোমেনকে সমর্থন দেবেন বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এদিকে, এ কে এ মোমেনের দ্রুত আরোগ্য কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মনসুর ও সেক্রেটারি মো.আব্দুল কাদের মিয়া।

ভোট আর না করার ‘মোটামুটি সিদ্ধান্তে’ মুহিত

নিজের নির্বাচনী আসন ভাইকে ছেড়ে দিচ্ছেন মুহিত

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!