২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় আমেরিকানের আমৃত্যু সাজা

নিউ ইয়র্ক সিটিতে দুই বছর আগে মসজিদ থেকে ফেরার পথে এক ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় এক মার্কিন নাগরিককে আমৃত্য কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 01:01 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

নিউ ইয়র্কে ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা
দুই বাংলাদেশির জানাযায় ন্যায়বিচারের স্লোগান
নিউ ইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় হিসপানিক গ্রেপ্তার
নিউ ইয়র্কে ২ বাংলাদেশি হত্যা: অভিযোগ অস্বীকার মোরেলের

কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক গ্রেগরি লাসেক বুধবার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন জানান, তিন সপ্তাহ ধরে সাক্ষ্যগ্রহণের পর এ আদালতের জুরি বোর্ড গত মার্চে আসামি অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করে।

“জুরি বোর্ডের সিদ্ধান্তের পথ ধরেই ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। কারণ সে মানবতার ন্যূনতম ধার ধারেনি। ধর্মপ্রাণ দুজন মানুষকে নির্বিচারে হত্যার মধ্য দিয়ে সে জঘন্যতম অপরাধ সংঘটিত করেছে। আমাদের শান্তিপ্রিয় কম্যুনিটির মুসলিম সমাজের হৃদয়ে আঘাত করেছে।”

২০১৬ সালের ১৩ অগাস্ট নিউ ইয়র্ক সিটির ওজনপার্কে আল ফোরকান মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) এবং মুয়াজ্জিন তারাউদ্দিন (৬৪) জোহরের নামাজের পর লিবার্টি এভিনিউ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় পেছন থেকে তাদের গুলি করে হত্যা করেন অস্কার মোরেল (৩৭)।

এ হত্যাকাণ্ড ঘটে মসজিদ ও ইমামের বাসার মাঝামাঝি এলাকায়। ঘাতক মোরেলের বাড়ি ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ব্রুকলিনের মিলার এভিনিউয়ে।

হত্যাকাণ্ডের পর মোরেল গাড়িতে করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এক সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে যান। পরে সিসিটিভির ভিডিও পরীক্ষা করে তাকে শনাক্ত করে পুলিশ। মোরেলকে তার নিজের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবারসহ গ্রেপ্তার তরা হয়। 

ওই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিসহ অভিভাসীরা বিক্ষোভ করেন। কেবল মুসলমান আমেরিকানরাই নন, ভিন্ন ধর্মাবলম্বীরাও যোগ দেন প্রতিবাদ সমাবেশে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন জানান, “আদালত রায়ে বলেছে, দণ্ডপ্রাপ্ত আসামি মোরেল কখনোই প্যারলে মুক্তি পাবে না। নির্জন কক্ষে তাকে বাকি জীবন অতিবাহিত করতে হবে।”