নিউ ইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় হিসপানিক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।
অসকার মোরেল (৩৫) নামে হিসপানিক বংশোদ্ভূত ও ব্রুকলিনের এই বাসিন্দার বিরুদ্ধে ‘অপরিকল্পিত হত্যার’ দুটি ঘটনার অভিযোগ আনা হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।
পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থাটি বলছে, অবৈধভাবে অস্ত্র বহনের দুটি ঘটনায়ও ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ওই মুখপাত্র।
স্থানীয় সময় শনিবার প্রায় ১টা ৫০মিনিটে কুইন্সের ওজনপার্ক এলাকায় পেছন দিকে থেকে এসে আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) ও তার প্রতিবেশী থেরাউদ্দিনকে (৬৪) খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
ঘটনার দিনই এক সাইকেলআরোহীকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালানোর ঘটনায় মোরেলকে গ্রেপ্তারের পর হত্যার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।
স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ ঘোষণার আগে পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ব্রুকলিনের এক হিসপানিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তবে ওই ব্যক্তির ও নিহত দুজনের মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না তারা নিশ্চিত নন।
শোকাহত মুসলিম জনগোষ্ঠীর বিচার পাওয়ার নিশ্চয়তার বিষয়ে এক এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্ক সিটির গোয়েন্দা প্রধান রবার্ট ব্রাইস বলেন, “এখন পর্যন্ত আমার যেসব তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে আমাদের বিশ্বাস, ... ইনিই সেই ব্যক্তি।”
এদিকে এদিন দুই বাংলাদেশির শেষকৃত্যের আগে আনুষ্ঠানিক বক্তব্যে এই হত্যাকাণ্ডকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে গণ্য করার এবং মসজিদ ও ওজোন পার্কসহ মুসলিদের আবাসস্থল ও কর্মস্থল শহরের অন্য এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে আহ্বান জানান বক্তারা।
জানাজার আগে স্বাগত বক্তব্যে আল-ফোরকান মসিজদের প্রতিষ্ঠাতা বদরুল খান সমবেত জনতার উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন, “আমরা বিচার চাই।”
তখন সমবেত উপস্থিতিও সমস্বরে বলেন, “আমরা বিচার চাই।”
এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো স্পষ্ট না হলেও এই এলাকায় পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হবে বলে শেষকৃত্যের অনুষ্ঠানে প্রতিশ্রুতি দেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো।
এর আগে ধর্মীয় বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমন কোনো প্রমাণ না পাওয়ার কথা পুলিশ জানালেও তদন্তে কোনো সম্ভাবনাকেই বাদ দেওয়া হবে না বলে জানানো হয়।
তবে প্রকাশ্যে দিবালোকে সংঘটিত এই গুলির ঘটনাকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিসহ এলাকাবাসীরা।
এর আগে ২০০২ সালের ১১ অগাস্ট একই এলাকায় হিসপানিক দুই যুবকের হামলায় বাংলাদেশি আলোকচিত্রী মিজানুর রহমানের মৃত্যু হয়।
এক যুগ পর ২০১৪ সালের ৯ জুলাই ভোরে কাছাকাছি এলাকায় খুন হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলাম (৫৭)।
মিজানের ঘাতকদের দীর্ঘমেয়াদি সাজা হয়েছে। আর নজমুল হত্যায় জড়িত দুই যুবকের বিচার চলছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।
