দুই বাংলাদেশির জানাযায় ন্যায়বিচারের স্লোগান
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে নিহত মসজিদের ইমামসহ দুই বাংলাদেশির জানাযায় তাদের খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ক্ষুব্ধ জনতা।
স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্ক সিটির ওজোনপার্ক এলাকায় তাদের জানাযার আগে ২০ হাজারের বেশি মানুষের শোক সমাবেশ থেকে হত্যাকারীর বিচার ও মুসলিমদের নিরাপত্তার দাবিতে স্লোগান উঠে।
রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত প্রায় প্রতিটি সংগঠনের প্রতিনিধিরাসহ সর্বস্তরের প্রবাসীরা জানাযায় অংশ নেন।
সমাবেশে অংশ নিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো বলেন, “ইসলাম ধর্মে একজন মানুষের মৃত্যুর ঘটনাকে শুধুমাত্র সেই পরিবারের ক্ষতি হিসেবে বিবেচনা করা হয় না, পুরো একটি কম্যুনিটিই ক্ষতিগ্রস্ত হয়। আমরা বহু জাতি ও বহু ধর্মের সম্মিলনে বিশ্বাসী।ইমামসহ এই দুজনকে হারিয়ে গভীরভাবে ব্যথিত। এই হারানোর যন্ত্রণা সকলকেই পীড়া দিচ্ছে।”
শনিবার জোহরের নামাজের ওজোনপার্কের আল ফোরকান মসজিদ থেকে ফেরার পথে পেছন থেকে এসে ইমাম আলাউদ্দিন আকঞ্জি (৫৫) ও তার প্রতিবেশী থেরাউদ্দিনকে (৬৪) মাথায় গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
এঘটনায় অসকার মোরেল (৩৫) নামে হিসপানিক বংশোদ্ভূত ব্রুকলিনের এক বাসিন্দাকে গ্রেপ্তার দেখিয়ে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে নিউ ইয়র্কের পুলিশ।
জানাযার আগে ইমাম ও তার সহকারির কফিন সামনে রেখে অনুষ্ঠিত শোক সমাবেশে মেয়র ব্লাসিয়ো বলেন, “সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য-বিবৃতি সারা আমেরিকায় ঘৃণার বিস্তার ঘটিয়েছে। আমাদের মধ্যে বিভক্তির চেষ্টা করা হচ্ছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
“কখনোই আমাদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র সফল হতে দেব না। আমাদেরকে বিভক্ত করে, এমন কোন কথা আমি শুনতে চাই না। আমরা এমন কিছুকে অব্যাহত রাখতে চাই না, যা ঘৃণার উদ্রেক ঘটায়। আমরা সম্প্রীতির বন্ধনকে সুসংহত করার জন্যে সবসময় সোচ্চার রয়েছি।”
হঠাৎ করেই বদলে যায় সবকিছু, সকলেই সমস্বরে একই স্লোগান ধরেন; আওয়াজ উঠে ‘উই আর মুসলিম, নট টেররিস্ট’, ‘উই ওয়ান্ট পিচ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুসলিম’স লাইভস ম্যাটার’। এক পর্যায়ে পুরো ওজনপার্ক মিছিলের নগরীতে পরিণত হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শোক সমাবেশে সিটি মেয়রের পর সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার, সিটি পাবলিক অ্যাডভোকেট লেটিসা জেমস বক্তব্য রাখেন।
তারা হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
জানাযা শেষে থেরাউদ্দিনের লাশ নেওয়া হয় লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল গোরস্থানে। আর বাংলাদেশে পাঠানোর জন্য আকঞ্জির লাশ নেওয়া হয় জেএফকে এয়ারপোর্টে।
