২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ২ বাংলাদেশি হত্যা: অভিযোগ অস্বীকার মোরেলের

নিউ ইয়র্কের কুইন্সে দুই বাংলাদেশি হত্যার অভিযোগ অস্বীকার করেছেন ওই খুনের মামলায় গ্রেপ্তার হিসপ্যান্কি অস্কার মোরেল (৩৫)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2016, 03:30 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

পুরনো খবর:

নিউ ইয়র্কে দুই বাংলাদেশির খুনির স্কেচ প্রকাশ
নিউ ইয়র্কে ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

মঙ্গলবার মোরেলকে কুইন্সের ক্রিমিনাল আদালতে তোলা হলে তিনি বলেন, বাংলাদেশি ইমাম ও তার প্রতিবেশিকে হত্যায় তিনি জড়িত নন।

গত শনিবার জোহরের নামাজের পর কুইন্সের ওজনপার্ক এলাকায় গুলি করা হয় আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) ও তার প্রতিবেশী থেরাউদ্দিনকে (৬৪)। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ঘটনার পর প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নিউ ইয়র্ক পুলিশ ঘাতকের স্কেচ প্রকাশ করে।

পুলিশ বলছে, এক ব্যক্তি পেছন থেকে তাদের মাথায় গুলি করে। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।  

সিসি ক্যামেরার ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কম্যুনিটি লিডার মিসবাহ আবদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওজনপার্কের লিবার্টি এভিনিউ ও ৭৯ স্ট্রিটে নীল রংয়ের শার্ট ও হাফ প্যান্ট পরা দীর্ঘকায় এক ২৭-২৮ বছরের যুবক খুব কাছে থেকে বন্দুক তাক করে পরপর পাঁচ রাউন্ড গুলি করে। তারপর সে দৌড়ে চলে যায়।

ঘটনার দিনই এক সাইকেলআরোহীকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালানোর ঘটনায় মোরেলকে আটক করে পুলিশ। পরে দুই বাংলাদেশিকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

তার বিরুদ্ধে ‘অপরিকল্পিত হত্যা’ ও অবৈধ অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।

Image
মোরেলের বাসা থেকে উদ্ধার করা এ রিভালবারটিই দুই বাংলাদেশি হত্যায় ব্যবহৃত হয়েছে বলে পুলিশের ধারণা

মোরেলের বাসা থেকে উদ্ধার করা এ রিভালবারটিই দুই বাংলাদেশি হত্যায় ব্যবহৃত হয়েছে বলে পুলিশের ধারণা

সোমবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রবার্ট বয়েস জানান, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত হিসপ্যানিক ব্যক্তিকে গুলি করার পর একটি কালো স্পোর্টস কারে উঠতে দেখা গেছে।

“কিছু সময় পর ওই গাড়িকে ৫ কিলোমিটার দূরে ব্রুকলিনে পাওয়া যায়। পুলিশের কর্মকর্তারা ওই যানটিকে চিহ্নিত করার পর চালকে ধরতে তৎপর হয়। অভিযুক্ত ব্যক্তি এক গোয়েন্দার গাড়ি পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে।”

অসকার মোরেল ব্রুকলিনের কোনো ওয়্যারহাউজে কাজ করেন বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার হাত-পায়ে শেকলবাধা মোরেলকে আদালতে হাজির করা হয়। এসময় তার পরনে ছিল শার্ট ও কালো প্যান্ট।

আদালতে নিহত দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিচারকের কাছে অভিযোগ উত্থাপন করার সময় মামলার কৌঁসুলি পিটার ম্যাককরমেক বলেন, ঠাণ্ডা মাথায় পরিকল্পিত এ হত্যাকাণ্ডকে ভয়ঙ্কর ও ঘৃণ্য কাজ হিসেবেই কেবল বর্ণনা করা যায়।

“অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে ছুটে এসে ইমাম ও  তার প্রতিবেশিকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে, যার কয়েকটি মাথায় লাগার পর ওই দুইজন গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান।”

অভিযুক্ত মোরেল তার জবানবন্দীতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে বলেন, সিসিটিভির ফুটেজে তাকে ঘটনাস্থলে দেখা গেলেও হত্যায় তিনি জড়িত ছিলেন না।

বিচারক কারেন গোপী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন।

দোষী সাব্যস্ত হলে মোরেলকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক ডেইলিসহ বেশ কয়েকটি গণমাধ্যম অসমর্থিত সূত্রের বরাত দিয়ে মোরেলের ব্রুকলিনের বাসায় একটি লাইসেন্সবিহীন রিভলবার পাওয়ার কথা জানিয়েছে।

Image
মঙ্গলবার অসকার মোরেলকে আদালতে হাজিরের দিন বাইরে হত্যার বিচারের দাবিতে জড়ো হন নিহতদের স্বজনরা

মঙ্গলবার অসকার মোরেলকে আদালতে হাজিরের দিন বাইরে হত্যার বিচারের দাবিতে জড়ো হন নিহতদের স্বজনরা

বেজমেন্টের ওই বাসার দেয়ালে ওই রিভলবারটি লুকানো ছিল বলে পত্রিকাগুলোর খবর। পুলিশের ধারণা, দুই বাংলাদেশি হত্যায় ওই অস্ত্র ব্যবহার হয়েছে।

পুলিশ ওই বাসা থেকে হত্যাকারীর পোশাকও উদ্ধার করেছে বলে গণমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

পরে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত পয়েন্ট ৩৮ ক্যালিবারের রিভলবার উদ্ধারের দাবি জানায়। অবশ্য কোথা থেকে এটি উদ্ধার করা হয়েছে তা জানানো হয়নি।

এদিকে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু বুঝে উঠতে পারছে না নিহতদের পরিবার।

আদালতে শুনানির পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় নিহত থেরাউদ্দিনের ভাই মাশুক উদ্দিন বলেন, এ ঘটনায় উভয় পরিবার ‘স্তম্ভিত’।

“সবাই বিপর্যস্ত। দুইজনকে একই সঙ্গে হত্যার কী কারণ থাকতে পারে। হ্যাঁ, একটাই হতে পারে, ধর্মীয় বিদ্বেষ।”

এদিন আদালতের বাইরে নিহতদের পরিবারের সদস্য ও বন্ধুরা ‘আমরা ন্যায়বিচার চাই’ ব্যানার প্রদর্শন করেন।