নিহন দিনের গল্প: বিদেশে বাঙালি নারীর মন
সুমিমাসেন, তাশিনা সান! এই কেক তুমি খেতে পারবে না, এতে অল্প পরিমানে পোর্কের জেলাটিন দেয়া আছে। ওহ! ধন্যবাদ জানানোর জন্য। আমাকে দয়া করে একটা ইয়োগার্ট দিন তাহলে।
পাশে দাঁড়ানো আরব দেশের দুই বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি পোর্ক খাও না!
- কীভাবে খাবো? আমি তো মুসলিম!
- বাংলাদেশ মুসলিম কান্ট্রি এটা জানি। কিন্তু আসলে বুঝিনি তুমিও মুসলিম। ভেবেছিলাম অন্য কোন ধর্মের।
- আমি হাসি প্রসারিত করে বললাম, কেন! কেন তা মনে হলো? আমার মাথায় হিজাব নেই বলে!
বললাম, আমাদের দেশে এখনো সত্তর শতাংশ মানুষ গ্রামে থাকেন, সেখানে প্রায় সব মুসলিম মহিলাই হিজাব করেন। বোরকাও কম নেই সেখানে। এমনকি অন্য সম্প্রদায়ের মহিলারাও বিয়ে পার্বণ, সামাজিক আয়োজন কিংবা প্রার্থনার সময় মাথায় কাপড় দেন। শহরেও অনেক মুসলিম মহিলা হিজাব করেন, তরুণীরাও করে। এমনকি আমার মায়ের ছবি দেখাই, তিনিও হিজাব পড়েন।
এটা যতটা না ধর্মের দিক থেকে, তার চেয়েও বেশি আমাদের লোকাচারে মিশে আছে। আর আমাদের মতো দুষ্টু যারা, হয়তো লিবারেল বলতে পারো, তারা সেভাবে মাথায় কাপড় দেই না। এটার ভালো বা খারাপ দিক হলো, আমাদের দেশে ধর্ম নিয়ে কোন কড়াকড়ি নেই। আমাদের আইন বা সামাজিক রীতিনীতি ব্যক্তিস্বাধীনতা বা স্বাতন্ত্র্যতা অনেক কিছুকেই মূল্য দেয়।
তাদের একজন বলল, হ্যাঁ, আমি তোমাদের অনেক রাজনীতিবিদের ছবি দেখেছি যারা হিজাব দেন। কিন্তু মুসলিম দেশ তো বুঝতে পারা যায় হিজাব দেখেই। আসলে ধর্মে লিবারেল থাকার ব্যাপারটা একটু গোলমেলে। ইটস কমপ্লিকেটেড!
এবার আরব বন্ধুরা হো হো করে হেসে ফেলে। লিবারেলিজম আর ধর্ম, তাদের খুব বোঝা হয়ে যায়। হিজাব নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশের নাগরিক হিসেবে এটাই আমার এমন প্রথম অভিজ্ঞতা না। ২০১০ এ মালয়েশিয়া বেড়াতে যাবার পর, এক সন্ধ্যায় হোটেল মালিক এগিয়ে এসে সম্ভাষণ জানাচ্ছিলেন, ‘হ্যাপি দিওয়ালি’ বলে। তাকে যখন বললাম, আমরা মুসলমান। তখনো সে একই রকমই অবাক হয়েছিল। মুসলমান হলে হিজাব নেই কেন!
আমি ইন্টার্নির সময় থেকে যখন হাসপাতালে কাজ করতাম, সে সময় মাথায় কাপড় দিতাম। অনেকেই এটাকে ‘হিজাব করছো দেখে খুব খুশি হলাম’ ধরনের এক্সপ্রেশন দিলেও তাকে সবিনয়ে বুঝিয়েছি, এটা স্রেফ মাথায় কাপড় দেওয়া। হিজাবের মতো গুরুতর কিছু ধারন করার জন্য মনের, ভাবনার, চোখের উপরেই যে হিজাব আগে টানতে হবে, সেই ধৈর্য এখনো আসেনি আমার।
ফেইসবুকে দেদারসে ছবি দিচ্ছি, উৎসবে বা স্বামীর সঙ্গে ঘুরতে গেলে মাথায় কাপড় দিচ্ছি না। তাহলে আর একে হিজাব বলি কি করে! লোকে জিজ্ঞেস করতো, কেনো দিচ্ছো তাহলে মাথায় কাপড়? মজা করে বলতাম, ঠাণ্ডা থেকে বাঁচার জন্য, বা মাথায় রোজ রোজ শ্যাম্পু করার ঝামেলা থেকে এড়াবার জন্য।
এরকম অবস্থায় আমি বহুবার দেখেছি, এইটুকু বাঁধার কারনে, একটা মানসিক প্রতিবন্ধকতা পেতো দুর্ব্যবহার করতে, বাজেভাবে তাকাতে বা তেড়ে আসতে কিছুর জন্য। আমি এখনো এটা বিশ্বাস করি, হিজাব বা পর্দা সামাজিক নিরাপত্তা দেয়। ক্ষুদ্র জীবনে দুইবার ফাউন্ডেশন ট্রেনিং করেছি, দুবারই অগ্রজেরা ভয় দেখিয়েছেন, কতো যে কেচ্ছা কাহিনী হয় এসব ট্রেনিংয়ে প্রেমে ভাঙ্গন, প্রেমের গঠন, পরকিয়া, বউ-জামাই অদল বদল, আর কিছু না হলেও উটকো লোকজন জ্বালাতন তো করবেই।
সে আশঙ্কায় দুই ট্রেনিং এই নর্তন-কুর্দন, গানা-বাজানা সব করলেও মাথায় কাপড় দিয়েছিলাম। অত্যন্ত সম্মানের সঙ্গে সুযোগ্য পুরুষ সহকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ফাউন্ডেশন ট্রেনিং নিয়ে যা শুনেছি তা সব ভ্রান্ত। এটা তারা তাদের দারুণ ব্যক্তিত্ব দিয়ে প্রমান করেছেন দুই জায়গাতেই। আর সেই সঙ্গে এটাও স্বীকার করবো, উটকো ঝামেলাও দিব্যি এড়িয়েছে মাথায় কাপড়ের প্রতিবন্ধকতায়।
তবুও কে না জানে এটাই নির্মম সত্য যে, মাথার কাপড়, হিজাব, বোরকা, বয়স কোন কিছুই এড়াতে পারে না কোন অসুস্থ মানবের চারিত্রিক স্খলনকে। কিন্তু আমি তাকে পুরুষ বলবো না, অসুস্থই বলবো। তার অসুস্থ আচরণের ক্ষেত্রে নারীকে কোন কিছুই সামাজিক নিরাপত্তা দেয় না। এখন, ‘কেন আমাদের এই পচা সমাজ পর্দা না করলে কাউকে নিরাপত্তা দেবে না, বা পর্দা করলে দিতে বাধ্য থাকার কথা’ - সে বিতর্ক বহু চর্চিত, সমাধান অযোগ্য।
সেদিন কী মনে করে অনেকদিন পর টিপ পরলাম। দেখে সুন্দর লাগছিলো, তাই ক্লাসেও পরে গেলাম। একই সেকশনে ক্লাস, যথারীতি সেই দুই আরব ছুটে এলো ক্লাসের শেষে। এটা কী পড়েছ কপালে? আজ কী তোমার কোন বিশেষ উৎসব? এটা মুসলমানদের কোথাও পরতে দেখিনি।
ওদের কৌতূহল থামিয়ে বললাম, আজ আমার কোন উৎসব না, আজ কোনো উপলক্ষও না। এটা আমি মনের আনন্দে পরেছি। এটার নাম টিপ, এটা পরে নারীর সৌন্দর্য বৃদ্ধি করা হাজার বছর ধরেই আমাদের সংস্কৃতির অংশ। আমি জানি, আমার ধর্মেরই অনেক লোকজন এটাকে ‘কড়াভাবে মানা’ বলে ব্যাখ্যা করেন। কিন্তু ওই যে, সেই পুরানো কথা, ইটস কমপ্লিকেটেড।
ওরাও আমতা আমতা করে হাসি দিয়ে বলে, আসলেই ইটস কমপ্লিকেটেড।
(চলবে)
লেখক: সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে ভাষা শিক্ষা কোর্সে জাপানে অবস্থানরত।
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
