নিহন দিনের গল্প: দ্বিতীয় কিস্তি
সেটা ছিল জাপানি ভাষা শিক্ষা ইন্সটিটিউটে আমার তৃতীয় দিন। জাপানি ভাষায় হাই-হ্যালো- থ্যংকিউ-সরি বলা শিখেছি কেবল।
তখনও জানি না, জাপানিরা যেমন কড়াভাবে নিজের ভাষা ধরে রেখেছে, ঠিক সেভাবেই বিদেশি ভাষার শব্দকেও একেবারে নিজের ভাষার মতো পরিবর্তন করে ব্যবহার করে। একটা উদাহরণ দিচ্ছি-
- কননিচিওয়া! আমি রুম নাম্বার ১৭০৩ থেকে বলছিলাম। আমার এসিটা কাজ করছে না।
- সুমিমাসেন! কী কাজ করছে না? বুঝিনি, দয়া করে আবার একটু বলবেন?
- জি, অবশ্যই! এসি, মানে এয়ার কন্ডিশনিং সিস্টেম।
- ওহ হ্যাঁ! এয়া কোন! জি এখনি আসছি।
- আরিগাতো!
ওদের ভাষায় এমন করেই এয়ার কন্ডিশনার হয় এয়া কোন, হটডগ হয় হট্টডগগো, স্যান্ডউইচ হয়ে যায় সান্দোইচি, কফিকে বলে কোহি, অ্যাপার্টমেন্টকে এপাতো, স্মার্টফোনকে সুমাতো ফুন, ব্লগ হয় বোগরু, আর পিসি বা পার্সোনাল কম্পিউটার হয়ে যায় পাসোকোন! এবং এ শব্দগুলো ছাড়া অন্য কিছু বললে তারা বুঝতে দুই মিনিট সময় নেবেই। নিজের ভাষার স্বকীয়তা ধরে রাখতে এবং নির্বিচারে বিদেশি ভাষার প্রবেশ ঠেকাতে এর চেয়ে ভালো উপায় আছে বলে মনে হয় না।
কিন্তু পরদিন ক্লাস শেষে ফিরে এসেও সেই এক কাহিনী। এদিকে সমুদ্রের পাশেই ছাত্রাবাস হওয়াতে দুপুরের টাটকা রোদে রুম অনেকটাই গরম হয়ে আছে। বোতামগুলো নিয়ে কিছুক্ষণ মাথা খাটিয়ে ক্ষান্ত দিলাম। নাহ, কিছুতেই কিছু হচ্ছে না। ভাবলাম ফ্রন্টডেস্কে জানাই।
ফোন রেখে ভেবেছিলাম, জানিয়েছি যেহেতু হাতের কাজ শেষে মিনিট পনেরোর মধ্যে আসবে হয়তো। আধা ঘণ্টাও হতে পারে। শিক্ষার্থীদের এতো বড় থাকার জায়গা, কতো কাজ স্টাফদের। এ ফাঁকে শাওয়ার সেরে নেই। ওমা! শাওয়ারের বোচকা পাত্তি গুছাতেই রুমে হালকা নক, এসে পড়েছেন স্টাফ!
তামাশা দেখে বোকা হয়ে গেলাম। আরে, জাপানি এসি তো ভালোই লজ্জা দিলো আমাকে। এতক্ষণ কিছুতেই কিছু হলো না, আর এ মহিলা এসে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই কাজ শুরু! এতো মহা-কিসিঞ্জারি আমার সঙ্গে!
যাহোক, বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাপানি ভাষায় লেখা একটা এসি চালাতে না পেরে ফ্রন্টডেস্ক থেকে লোক আনিয়েছে, কী রকম যেন লজ্জা লজ্জা লাগলো। ফিরে যাবার সময় সে আবারো নব্বই ডিগ্রি বেঁকে বাউ দিতে দিতে এসির ঝামেলায় আমার এ কষ্টের জন্য সে যে কী পরিমাণ লজ্জিত সেটা বলতে ব্যাকুল। তখন তাকে থামিয়ে দিয়ে বললাম, আসলে এটা কাল রাতেই এমন করছিল। আমি নিজে অনেকবার চেষ্টা করেছি, কিছুতেই কিছু হয়নি। এখন আপনি এলেন, কি দিব্যি কাজ করছে, খুব মজার ব্যাপার!
না, না, প্লিজ লজ্জিত হবেন না। এসি আমার তেমন প্রয়োজন হয়নি। কিন্তু সে কি আর কথা শোনে! বিলাপ করেই চললো। পুতুলের মতো সুন্দর দেখতে, কার্টুনের মতো আদুরে জাপানি স্টাফ!
আজ চল্লিশ দিন পার হচ্ছে জাপানে, যেখানেই যাই, যেই সার্ভিস দিক না কেন, সেই একই মুখের হাসি, নরম স্বরের কথা, বারবার ক্ষমা চাওয়া, কাজটা করে দেবার জন্য সর্বোচ্চ আন্তরিকতা কখনো মুগ্ধ করেছে, আবার কখনো অতি আদর পেয়ে বিব্রত লেগেছে।
‘আরে তুই জানোস, আমি কে?’ এর দেশ থেকে এসেছি আমি, যারা নিজের কাজ সুষ্ঠুভাবে না করে কথায় কথায় নিচের পরিচয় জানাতেই বেশি ক্যালরি খরচ করি। সেবাখাতে কাজ করে হয়ে যাই সেই বেড়ালের মতো অহংকারী, যে ভেবে নেয় বাড়ির মালিক আমাকে খাবার দিচ্ছে, তার মানে আমিই নিশ্চয়ই তাদের ইশ্বর! অথচ সেবা প্রদানকারীর আচরণ হবার কথা ঠিক কুকুরের মতো, যে এটাই ভাবে যে মালিক আমাকে খাবার দিচ্ছেন, নিশ্চয় তিনি আমার ইশ্বর।
মাথাভারী আর ঝিরঝিরা তলা দিয়ে তৈরি সেবা প্রদানকারী প্রতিটি প্রতিষ্ঠানের পাবলিক কমপ্লায়েন্সের জন্য এটাই সবচেয়ে বড় বাঁধা।
আরিগাতো।
(চলবে)
লেখক: সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে ভাষা শিক্ষা কোর্সে জাপানে অবস্থানরত।
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
