২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় গণহত্যা দিবস পালিত

অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গণহত্যা দিবসে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনিসুল হক, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 09:56 AM

Updated : 11 Oct 2022, 12:13 PM

রোববার ভিয়েনার হউফসাইলে বাংলাদেশ দূতালয়ে বিকাল ৫টায় প্রদীপ প্রজ্বলন করা হয় ও এরপর আলোচনা সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো.আবু জাফর এবং সঞ্চালনা করেন কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান।

শুরুতে ২৫ মার্চ কালরাতে গণহত্যার শিকার শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের স্বাধীনতা সংগ্রামে শহীদ ও গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর গণহত্যা ও জাতীয় দিবসে উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

সভায় বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সহ-সভাপতি বখতিয়ার রানা ও ইয়াসিম মিয়া বাবু।

রাষ্ট্রদূত আবু জাফর বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাত্রি থেকে বাংলাদেশে শুরু হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতম গণহত্যাযজ্ঞ। মানবজাতির স্মরণকালের ইতিহাসে যার নজির নেই।”

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য প্রবাসীদের অনুরোধ জানান তিনি।

এম. নজরুল ইসলাম একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানিদের চালানো গণহত্যাকে ইতিহাসের এক ভয়াবহতম ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বিশ্বমানবতার অগ্রযাত্রার স্বার্থে গণহত্যার মতো নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য ২৫ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের প্রতি।

মোহাম্মদ শামসুদ্দিন বলেন, “একাত্তর সালের পঁচিশে মার্চের ভয়াল নিষ্ঠুরতার স্মৃতি আমাদের এখনও কাঁদায়। পাকিস্তানিদের ওই বর্বরতা সম্পর্কে বিশ্ববাসীকে নতুন করে জানানো প্রয়োজন।”

একাত্তরের নয়টি মাস পাকিস্তানিরা বাংলাদেশে যে গণহত্যা করেছে, তার বিচার একদিন হবে বলে উল্লেখ করেন সাইফুল ইসলাম কবির।

অনুষ্ঠনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সকল শহীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের সহকারী কনস্যুলার জুবায়দুল হক চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!