২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোলোভা জ্যাকারান্ডা

অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্থানে তাকালে প্রায় সব যায়গায় কম-বেশি দেখা যায় বেগুনি নীল রংয়ের পাতাবিহীন একটি ফুল গাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ মিজানুর রহমান মুকুল, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 02:32 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

এর নাম জ্যাকারান্ডা। সাধারণত রাস্তার ধারে সারি করে লাগানো হয় আলংকারিক বা সৌন্দর্য বাড়ানো বৃক্ষ হিসেবে।

একদিন বিকেলে আমার দুই মেয়ে ও স্ত্রীসহ জ্যাকারান্ডার সৌন্দর্য উপভোগ করতে যাই। ওখানে দেখা জ্যাকারান্ডা ফুলের সৌন্দর্য লিখে জানানো প্রায় অসম্ভব। রাস্তার দু’পাশে সারি সারি গাছ বড় হয়ে মাথার উপর দিকে বেগুনি নীল রঙের ছাদের মতো দেখতে।

জ্যাকারান্ডার পাতা দেখতে বাংলাদেশি কৃষ্ণচূড়ার পাতার মতো, ফুলের রং জারুল ফুলের মতো বেগুনি রঙের। তাই আমি এ ফুলের নাম দিয়েছি অস্ট্রেলিয়ার ‘অজি’ ও কৃষ্ণচূড়ার ‘চূড়া’ মিলে ‘অজিচূড়া’। গাছটির উচ্চতাও অনেকটা কৃষ্ণচূড়ার মতো।

পর্যটক ও আলোকচিত্রীরা প্রায়ই এখানে গাড়ি চলাচলের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বসে নানা ভঙ্গিমায় ছবি তোলার চেষ্টা করেন। পর্যটকের ছবি তোলার এ দৃশ্য স্থানীয় অধিবাসীদের চিন্তার বিষয়, দুর্ঘটনা যাতে না ঘটে!

জ্যাকারান্ডার নিজস্ব সৌন্দর্যের জন্য বিভিন্ন কৃষ্টি ও সাহিত্যে এর কথা উল্লেখ আছে। এমনকি কুসংস্কারেও বিভিন্ন জাতিতে রয়েছে জ্যাকারান্ডা ফুলের কথা।

স্যার জেমস মার্টিনের উদ্যোগে জ্যাকারান্ডা ফুলগাছের বীজ আঠারশ’ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে অস্ট্রেলিয়ায় প্রথম এসেছে বলে ধারণা করা হয়। দেড়শ’ বছরের কিছু বেশি সময় আগে এ গাছ অস্ট্রেলিয়ায় এসেছে, অথচ বর্তমানে অস্ট্রেলিয়াবাসী জ্যাকারান্ডা ছাড়া তাদের বসন্তের পরিবেশ চিন্তাই করতে পারে না।

একটু ঝড়ো বাতাস বা বৃষ্টি হলে এ ফুল ঝরে পড়ে সবুজ ঘাস ও রাস্তার উপর, দূর থেকে দেখে মনে হয় যেন কেউ বেগুনি রঙের কার্পেট বিছিয়ে রেখেছে। তবে বৃষ্টির সময় খুব সাবধানে গাড়ি চালাতে হয় বা পথ চলতে হয়, কারণ ফুল আর পানি মিলে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যর গ্রাফটনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে রাস্তাগুলো জ্যাকারান্ডা ফুলে ফুলে বেগুনি হয়ে থাকে। এ উপলক্ষে প্রতি বছর অক্টোবরের শেষ সপ্তাহ ও নভেম্বরের প্রথম সপ্তাহব্যাপি চলে ‘জ্যাকারান্ডা উৎসব’। গ্রাফটনকে অস্ট্রেলিয়ার ‘জ্যাকারান্ডার রাজধানী’ বলা হয়।

লেখক: প্রবাসী বাংলাদেশি

এ লেখকের আরও লেখা:

স্নোয়ি মাউন্টেইনের সাদা বরফে

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!