অভিবাসীবান্ধব মেয়র বিল ডি ব্লাজিও
নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিওকে আমি সামনে থেকে প্রথম দেখি মেমোরিয়াল ডে’র প্যারেডে। দিনটি ছিল ২০১৬ সালের ৩০ মে।
বেশ লম্বা-চওড়া, স্নিগ্ধ হাসি আর মায়াময় চেহারা। হাঁটলে অনেকের চেয়ে তাকে আলাদাভাবেই চোখে পড়ে। সেই প্যারেডে অনেকটা দূর হেঁটে গিয়েছিলেন তিনি।
নিরাপত্তা বেষ্টনি ঠেলে তাঁর মুখের সামনে মাইক্রোফোন ধরতেই কিছু কথাও বললেন। তবে সেটা ছিল খুব সংক্ষেপে। এরপর অনেকবারই মেয়রের অনুষ্ঠানে যোগ দেওয়া, তার সাথে অল্প-বিস্তর কথা বলা এবং ছবি তোলার সুযোগ হয়েছে।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে মেয়র একবার এসেছিলেন বাঙালির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে, ভোটার নিবন্ধন বিষয়ক একটি সচেতনামূলক কর্মসূচিতে যোগ দিতে। তিনি সবাইকে এটা বোঝাতে চাইছিলেন, ভোট দেওয়া একজন নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। ফলে সবাই যেন নিজের নামটি তালিকায় ওঠান ও অবশ্যই ভোট দিতে কেন্দ্রে যান।
মেয়রকে তার ‘মম’ খাওয়াতে পেরে নিজেকে গর্বিত ভাবছিলেন বিক্রেতা। কিন্তু পরিষ্কার মনে আছে, মেয়র ব্লাজিও নিজের পকেট থেকে ডলার বের করে মূল্য পরিশোধ করেন। রাস্তায় দাঁড়িয়ে মেয়রের মম খাওয়ার সেই ছবি অবশ্য অনেক পত্রিকায় ছাপাও হয়েছিলো।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে আয়োজিত ঈদের জামাতে কয়েকবার মেয়র এসেছিলেন। মেয়র নির্বাচনকে সামনে রেখে তার জন্যে বাংলাদেশি কমিউনিটির ফান্ড রেইজিং কর্মসূচিতেও এসেছিলেন তিনি। আরও অসংখ্যবার দেখা।
উপরের এই ভূমিকাটুকু দেওয়ার মানে হচ্ছে, দূর ও কাছ থেকে দেখেই আমি নিশ্চিত হয়েছি, নিউ ইয়র্কের ১০৯তম মেয়র অভিবাসীবান্ধব, তাদের আত্মার আত্মীয়।
মেক্সিকো সীমান্তে দেয়াল দেওয়া, অভিবাসন আইন করাসহ নানা হুঁশিয়ারি আসতে থাকে। এমনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর পরই দ্রুত গতিতে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে তৎপর হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসনসহ নানা বিষয়ে জারি করেন নির্বাহী আদেশ।
প্রথমে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। এরপর দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। প্রেসিডেন্টের সিদ্ধান্ত আটকে দেয় ফেডারেল কোর্ট। এরপর আরও দুই দফা এমন আদেশে সই করেন তিনি।
দেশের নিরাপত্তা ও শ্রমবাজারের কথা উল্লেখ করে যখন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিতে থাকেন, বেশ কঠোরভাবেই অভিবাসীদের পাশে এসে দাঁড়ান নিউ ইয়র্ক বিল ডি ব্লাজিও।
কেবল নির্বাচন পরবর্তী সময়েই নয়। অনেক আগ থেকেই মেয়র ব্লাজিও নিউ ইয়র্কে বসবাসকারী অবৈধ অভিবাসীদের পক্ষে। তার উদ্যোগেই কাগজপত্রহীন অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। দেওয়া হয় আরও সুবিধা।
বিশেষ করে ‘অবৈধ’দের জন্যে তিনি নিউ ইয়র্ক সিটি আইডি কার্ডের ব্যবস্থা করেণ। যাতে করে অন্তত একটি পরিচয়পত্র জোটে কাগজপত্রহীন মানুষগুলোর। কয়েক লাখ অবৈধ অধিবাসী এই কার্ড গ্রহণও করেছেন। তবে কার্ড নিতে গিয়ে কাগজপত্রহীন মানুষগুলোর একটি ডাটাবেইজ তৈরি হয়েছে।
তবে মেয়র এ বিষয়ে কঠোর অবস্থান নেন। তিনি ঘোষণা দেন, সেই তালিকা ধ্বংস করে দেওয়া হবে, তবুও ফেডারেল সরকারের হাতে তিনি তা তুলে দেবেন না। কারণ এতে তালিকা ধরে কাগজপত্রহীন মানুষদের বের করে দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
মেয়র ব্লাজিওর মনোভাব ছিলো, তিনি ভালোর জন্যে আইডি কার্ড ব্যবস্থা চালু করেছিলেন। মানুষগুলোকে বের করে দেওয়ার জন্যে নয়।
অভিবাসী ইস্যুতে কেবল প্রেসিডেন্টের মুখোমুখি দাঁড়ানো নয়, বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। বক্তৃতা দিয়েছেন, অভয় দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে অভিবাসীদের আশ্বস্ত করে মেয়র জানান, তার শহরে অপরাধ না করলে কোনো অভিবাসীকে এনওয়াইপিডি চ্যালেঞ্জ করবে না। বরং অভিবাসীদের ধরপাকড় প্রতিরোধ করা হবে।
যখন এদেশে নানাভাবে মুসলমানরা চাপের মুখে, তখনও পাশে মেয়র বিল ডি ব্লাজিও। ম্যানহাটনে ‘আই অ্যাম মুসলিম ঠু’ শীর্ষক এক অনুষ্ঠানে মেয়র হাজারও মানুষের সামনে বলেন, “টুডে আই অ্যাম মুসলিম টু।” এদেশে মুসলমানদের নিবন্ধন করার চেষ্টা হলে, তিনিও সেই কাতারে দাঁড়াবেন বলে ঘোষণা দেন।
মেয়র বিল ডি ব্লাজিওসহ অনেকেই অভিবাসী ও মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মনোভাব হচ্ছে, কোনো বৈষম্য চলবে না। কেউ যদি কোনো অপরাধে জড়িত হয়, কোনো জঙ্গি তৎপরতা চালায়, তবে ‘অপরাধী’ হিসেবে তার বিচার করা হবে, কোনো বিশেষ পরিচয়ে নয়।
যেকোনো ধরনের সন্ত্রাস, জঙ্গি তৎপরতা কিংবা সামাজিক অপরাধের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েও মানুষের পক্ষে, মানবতার পক্ষে যে থাকা সম্ভব- তা দেখিয়েছেন মেয়র ব্লাজিওসহ এদেশের হাজারও মানুষ। পাপ ও পাপি দুটোকেই ঘৃণা করো, কিন্তু একের অপরাধে, অন্যকে নয়– ব্যাপারটা অনেকটা এমন।
অভিবাসীদের বন্ধু বিল ডি ব্লাজিও মেয়র পদে তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন। তবে তিনি আবারও প্রার্থী হয়েছেন। আর সিটি কাউন্সিলের এই ভোট হবে ৭ নভেম্বর। ব্লাজিওকে আবারও নির্বাচিত করতে প্রবাসী বাংলাদেশিরা তার পাশে দাঁড়িয়েছেন।
এবার বিল ডি ব্লাজিও সম্পর্কে অল্প কিছু কথা তুলে ধরতে চাই। ব্লাজিও’র জন্ম হয় ১৯৬১ সালের ৮ মে নিউ ইয়র্কের ম্যানহাটনে। তার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন। পরে তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে সংসারও ত্যাগ করেন। তখন ব্লাজিওর বয়স মাত্র সাত। মা-ই তাকে বড় করে তোলেন।
ব্লাজিওর শৈশব কাটে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে। ২০০১ সালে তিনি তার মায়ের নাম গ্রহণ করেন। ব্লাজিও’র স্ত্রী আফ্রিকান-আমেরিকান শার্লেন ম্যাক্রে। ১৯৯৪ সালে তাদের বিয়ে হয়। এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান।
বিল ডি ব্লাজিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েট এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন থেকেই বলা চলে রাজনীতিতে এক ধরনের সম্পৃক্ততা তার। টিউশন ফি কমানোর জন্যে আন্দোলন করেছিলেন তখন। তবে আনুষ্ঠানিক রাজনীতিতে আসেন ১৯৮৯ সালে মেয়র ডেভিড ডানকিনের প্রচারাভিযানে যোগ দিয়ে।
এরপর তিনি গৃহায়ণ দপ্তরে কাজ করেন। ২০০০ সালে সিনেট নির্বাচনে হিলারি ক্লিনটনের প্রচার ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি। ২০০১ সালে তিনি ব্রুকলিনের ৩৯ ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালে বিল ডি ব্লাজিও নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট নির্বাচিত হন।
নিউ ইয়র্ক ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি হলেও ২০ বছর এখানকার মেয়র ছিলেন রিপাবলিকান। সবশেষ ২০১৩ সালে রিপাবলিকান প্রার্থী জো লোডাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন উদারপন্থী ডেমোক্রেট বিল ডি ব্লাজিও। পরের বছরের জানুয়ারিতে দায়িত্ব বুঝে নেওয়ার পর বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি।
সমালোচকরা অবশ্য এতে বলেছিলেন, এই সিদ্ধান্তের ফলে অপরাধের মাত্রা বেড়ে যাবে। কিন্তু পরিসংখ্যান বলছে, মেয়রের নেতৃত্বে বরং অপরাধ কমেছে।
কাগজপত্রহীন মানুষদের জন্যে আইডি চালুর কথা আগেই বলেছি। মেয়রের আরেকটি যুগান্তকারী উদ্যোগ ছিলো- ‘ভিশন জিরো’। এর মাধ্যমে সিটির সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছেন তিনি। এতে করে সিটির ভেতরের রাস্তাগুলোয় গাড়ির সর্বোচ্চ গতি ৩০ থেকে নামিয়ে ২৫ মাইল করা হয়েছে।
আইন প্রয়োগের জন্যে বিভিন্ন জায়গায় অনেক ক্যামেরা বসিয়েছেন। যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়ন করেছেন। সেই বিল ডি ব্লাজিও কি পারবেন, আবারও মেয়র নির্বাচিত হতে?
এবার মেয়র পদে বিল ডি ব্লাজিওর বিরুদ্ধে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তার মধ্যে ব্লাজিওর সাথে রিপাবলিকান নিকল ম্যালিওটকিস ও স্বতস্ত্র প্রার্থী বো ডিয়েল্টের লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তিন প্রার্থী বিতর্কে অংশ নিয়েছেন। বিতর্কে প্রতিদ্বন্দ্বী দু’জন বেশ কায়দা করে বিল ডি ব্লাজিও’র বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে তার উপর চড়াও হয়েছেন।
বিভিন্ন জরিপে বিল ডি ব্লাজিও এগিয়ে রয়েছেন। তবে গত প্রেসিডেন্ট নির্বাচনের পর জরিপের উপর অবশ্য মানুষের আস্থা কমেছে। জরিপ বলেছে হিলারি জিতবেন। কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে নিউ ইয়র্কে কি হতে যাচ্ছে?
নানাভাবেই বিল ডি ব্লাজিওর জনপ্রিয়তা বোঝা যায়। যেখানে প্রয়োজন, ছুটে গেছেন তিনি। মানুষের পাশে দাঁড়িয়েছেন। অভিবাসী প্রধান নিউ ইয়র্ক কি ফিরিয়ে দেবে তাকে, নাকি আরও একবার পৃথিবীর রাজধানীখ্যাত এই শহরটির মেয়র হবেন বিল ডি ব্লাজিও?
শামীম আল আমিন :
লেখক ও সাংবাদিক
ইমেইল: amin.one007@gmail.com
ছবি কৃতজ্ঞতা: লেখক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
