ওসাকায় প্রবাসীদের সঙ্গীতসন্ধ্যা
রবিবার জাপানের ওসাকার একদল প্রবাসী বাঙালি আয়োজন করে ‘ঈদ আনন্দ’ ব্যানারে এক সঙ্গীত সন্ধ্যার।
দেশীয় সংস্কৃতির আবহে এই অনুষ্ঠানটি হয় ওসাকার ‘হিগিশিনারি ওয়ার্ড কমিউনিটি সেন্টার’এ। বৃহত্তর কানসাই অঞ্চলের প্রবাসী বাঙালিদের অনেকেই জড়ো হন এই আয়োজনে। ওসাকা ছাড়াও নারা, কোবে এবং কিয়েতোর মতো শহর কিন্তু কানসাই অঞ্চলের অন্তর্গত।
সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত হন জাপানিরাও, তারা সংগীতায়াজনেও অংশগ্রহণ করেন। দেশাত্মবোধক, আধুনিক, রক সঙ্গীত, কবিতা আবৃত্তি ছাড়াও জাপানি সুরের ঘনঘটাও ছিল অনুষ্ঠানজুড়ে।
অনুষ্ঠানটির অন্যতম আয়োজক খন্দকার রুমির সঞ্চালনায় প্রথম গানটি পরিবেশনও করেন তিনি। নিজের লেখা ও সুরে এই গানটি ছিল ‘মা’ কে নিয়ে। যে মা ঈদে তার সন্তানের জন্য অপেক্ষা করছে। এরপর একে একে মঞ্চে আসেন বশীর আহমেদ, আব্দুল আউয়াল, জাকের মাহমুদ, শাওন ইসলাম এবং মাবরু আহমেদ।
বশীর আহমেদ নিজে গিটার বাজিয়ে একে একে পরিবেশন করে নব্বই দশকের জনপ্রিয় রক গানগুলো। রুমি খন্দকার, আব্দুল আওয়াল গেয়ে শোনান বাংলা গান। শাওন ইসলামের পরিবেশনা ছিল জাপানি গান আরিগাতো। আর জাকের মাহমুদ যখন কবি নজরুলের সাম্যবাদী কবিতা আবৃত্তি শেষ করেন তখন মঞ্চে আসেন জাপানি সেতার বাদক ইশিহামা তাদাও, যিনি অনর্গল বাংলায় কথা বলেন।
তাদাও ভারতে দীর্ঘদিন সংগীত চর্চা করে ফিরেছেন।এই জাপানি সেতার বাদকের ধুনে যেন গ্রামবাংলার আবহই ফুটে উঠছিল। আর এতে প্রবাসীরা খানিকটা মাতোয়ারা হবেন তাইতো স্বাভাবিক! তিনটি ভিন্ন পরিবেশন ছিল তাদাওয়ের সেতারে বাদ্যে।
অন্যতম আয়োজন রুমী খন্দকার বলেন, “আসলে আমি সংগীতের লোক। গান যেখানে আমি সেখানে ছুটে বেড়াই। ওসাকায় দুই বছর আগে একুশে ফেব্রুয়ারিতে এক সংগীত পরিবেশনার আয়োজনের পর এটিই আমাদের প্রথম সঙ্গীত আয়োজন।”
২৭ বছর ধরে বসবাসরত এই প্রবাসী বাঙালি ঘর বেঁধে তিথু হয়েছেন জাপানেই।তিনি আরও জানান, একটি বাংলা ব্যান্ডে দলের সদস্য হিসেবে বছরে একবার টোকিওতে গিয়ে সংগীত পরিবেশন করেন। বলেন, “ওসাকায় এই ধরনের আয়োজন করতে পেরে সত্যিই ভাল লাগছে। সঙ্গীত তো আসলে কর্মজীবনের ব্যস্ততায় দেশীয় সংস্কৃতি লালন করার অন্যতম মাধ্যমও বটে।”
এই সন্ধ্যার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওসাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্র সৌরভ রায় বলেন, “এই ধরনের আয়োজন প্রবাসে থেকেও বাংলাদেশের কথাই মনে করিয়ে দেয়। এখানে জাপানিরাও উপস্থিত ছিলেন, তারাও আমাদের সংস্কৃতির সঙ্গে কিছুটা হলেও পরিচিত হলেন।”
সামনের দিনগুলোতে এই ধরনের আয়োজন অব্যহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
