জাপানের ওসাকায় বিলম্বিত ঈদ আনন্দ!
বৃহস্পতিবার কর্মদিবস থাকার কারণে জাপানের ওসাকা শহরে প্রবাসী বাঙালিরা ঈদ আনন্দ করেছেন রবিবার।
ঈদ মানে ঘরে ঘরে আনন্দ, আড্ডা, খাওয়া দওয়া, ঘোরা আরও কত কী। কুরবানির ঈদের কয়েকদিন পর পর্যন্ত এই আমেজ বাঙালির চেনা হলেও এই আমেজ প্রবাসে কিন্তু ভিন্ন।
প্রবাসে চাইলেই ঈদের দিন ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে জাপানেও ঈদ হয়েছে বৃহস্পতিবার। তবে ওই দিন সাধারণ কার্যদিবস থাকায় প্রবাসীদের বড় অংশের জন্যই ঈদ ছিল কেবল নামাজ পড়ার আনুষ্ঠানিকতা।
কোরবানি ছাড়া ঈদ যেন হয়ে উঠেছিল যেন সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর! সারাদিন গবেষণা অথবা চাকরি থেকে ফিরে আসবার পর অনেকেই ছেড়ে আসা প্রিয়জন আর বন্ধুদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন ফেইসবুকের মতো প্ল্যাটফর্মে। ঈদের কুশল বিনিময় আর বন্ধুদের সেলফি দেখে ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’ মত অবস্থা হয়েছে আমাদের কারও কারও।
শনি ও রবিবার জাপানে সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের আনন্দ বিলম্বে হলেও ভাগাভাগির করার সুযোগ পায় প্রবাসীরা।
রবিবার জাপানের ওসাকায় একদল প্রবাসী বাঙালি করেছে বিলম্বিতেএক ঈদ আয়োজন ।
তয়োকা কমিউনিটি সেন্টার কয়েক ঘন্টার জন্য পরিণত হয় ছোট এক বাংলাদেশে! হাসি, আড্ডা আর বাঙালির চিরচেনা আবহের প্রতিচ্ছবিই ফুঠে ওঠে এখানে।
খাসির মাংস, গরু আর মুরগির ভুনার সাথে পোলাও ছিল এই মিলনমেলার খাবারের তালিকায়।
জাপানে বাংলাদেশের মতো মিষ্টান্ন সামগ্রী নেই বললেই চলে। কিন্তু তাই বলে বাঙালির আনন্দে মিঠাই থাকবে ন? এই আয়োজনে ছিল পায়েস, সেমাই, দই আর রসগোল্লা।
ওসাকা শহরে গত তিন বছর ধরে চাকরি করছেন সাইফুল ইসলাম। দুই মাস আগে তার ঘরে আসে তার একমাত্র সন্তান আয়ান। নিজের প্রথম সন্তানকে নিয়ে ঈদ উদযাপনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। প্রথম সন্তানকে নিয়ে নিজদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে ঈদ পালন করলেও আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি। তারপরও আমার বাবা-মা সাথে ঈদ করতে পারলে বেশি খুশি লাগতো। এই আক্ষেপ ভুলবার নয়।”
আরেক প্রবাসী বাংলাদেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক আরিফ নিক্সন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যারা জাপানে আছি তাদেরকে নিয়ে যদি বাংলাদেশের রাষ্ট্রদূত বিশেষ কোনও অনুষ্ঠানের আয়োজন করতেন তাহলে আমাদের আনন্দ অন্য মাত্রা যোগ হতো।”
তবে আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষক জসীম উদ্দীন বলেন, “পরিবার ছেড়ে ঈদের আমেজ কখনো পূর্ণ হয় না। ঈদের দিনগুলোতে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা আর ঘোরাঘুরি যে আনন্দ তা প্রবাসে পাওয়া যায় না।” তবে প্রবাসের যান্ত্রিক জীবনে এই ধরনের আয়োজন কিছুটা হলেও স্বস্তির।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
