২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে পুলিশের অভিবাসী ক্রিকেটে চ্যাম্পিয়ন সন্দ্বীপ

অভিবাসী যুবকদের নিয়ে ২০০৭ সাল থেকে এ টুর্নামেন্টের আয়োজন করছে নিউ ইর্য়ক পুলিশ বিভাগ।

নিউ ইয়র্কে পুলিশের অভিবাসী ক্রিকেটে চ্যাম্পিয়ন সন্দ্বীপ

শিরোপা হাতে সন্দ্বীপ স্পোটিং ক্লাবের খেলোয়াড়রা

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 03:17 PM

Updated : 29 Aug 2023, 03:17 PM

যুক্তরাষ্ট্রে নিউ ইর্য়ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) অন্যতম ইউনিট কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরো আয়োজিত অভিবাসী ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশিদের ‘সন্দ্বীপ স্পোটিং ক্লাব’।

বৃহস্পতিবার কুইন্সে সাউথ জ্যামাইকার বেইসলে পন্ড পার্কের ক্রিকেট গ্রাউন্ডে ‘এনওয়াইপিডি পুলিশ কমিশনার যুব ক্রিকেট লীগ ২০২৩’ নামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে ব্রংক্স রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে সন্দ্বীপ স্পোটিং ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ হন ক্লাবটির খেলোয়াড় সাব্বির আহমেদ।

লীগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, গায়েনা, হিস্পানিক, মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের মোট ১০টি যুব ক্রিকেট দল অংশ নেয়। অংশগ্রহণকারীদের বয়সীমা ১৪ থেকে ১৯ বছর এবং তারা সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের সন্তান। 

এর আগের দিন একই স্থানে ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ব্রুকলিন লায়ন্স ২-০ গোলে ড্রগলাম টাইগার্সকে হারিয়ে ফুটবল লীগের শিরোপা জিতে নেয়।

পুরস্কার বিতরণ করেন এনওয়াইপিডি কমিউনিটি অ্যাফের্য়াস ব্যুরোর ইন্সপেক্টর ভিক্টোরিয়া পেরি, কুইন্স সাউথের অ্যাসিস্ট্যান্ট চিফ কেভিন উইলিয়ামস ও ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট পরিচালক আলদিন ফস্টার।

ইভেন্ট কো-অর্ডিনেটর ছিলেন এনওয়াইপিডি ইমিগ্র্যান্ট আউটরিচ ইউনিটের বাংলাদেশি বংশোদ্ভূত সার্জেন্ট মোহাম্মদ লতিফ।

তিনি জানান, এনওয়াইপিডি কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে ইমিগ্র্যান্ট আউটরিচ ইউনিট আয়োজিত পুলিশ কমিশনার যুব ফুটবল ও ক্রিকেট লীগের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। প্রতি বছর জুলাই ও অগাস্ট মাসে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৩০০ থেকে ৪০০ তরুণ অংশ নেয়।