১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চব্বিশের গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ

‘ফ্যাসিস্ট সরকারের পতনে’ প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা করেন তারা।

চব্বিশের গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ
সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 12:18 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। 

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। সঞ্চালনা করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এম এ বাতিন।

সমাবেশে বক্তারা গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারণার’ নিন্দা ও প্রতিবাদ জানান। প্রবাসীদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, “যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের প্রায় দুই কোটি প্রবাসী যখন দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেন, মূলত সেই অর্থনৈতিক চাপই ফ্যাসিস্ট সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। প্রবাসীদের এই নীরব প্রতিবাদ ও অবদান ভুলে গেলে চলবে না।”

সমাপনী বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, “বহুল প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে। জুলাই-অগাস্টের চেতনায় উন্নয়নের এই ধারা ক্রমান্বয়ে আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।”

আকতার হোসেন বাদল তার বক্তব্যে বলেন, “জুলাইয়ের যোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা রাখছে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, মাহফুজুল মাওলা নান্নু, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মো. আতিকুর রহমান ও বাসিত রহমান।