সিডনিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের মিলনোৎসব
অনুষ্ঠানে এনএসইউ অ্যালামনি আইডি কার্ড বিতরণ করা হয়।
অস্ট্রেলিয়ায় বসবাসরত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন ইনক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘এনএসইউ অ্যালামনি নাইট-২০২৫’।
শনিবার সিডনির ক্যান্টারবেরি লিগ ক্লাবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার ও অতিথিরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, এবারের অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে এনএসইউ অ্যালামনি আইডি কার্ড বিতরণ করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক হাসানুজ্জামান সোহেল।
তাদের উপস্থিতিতে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রায় ৭০ জন এনএসইউ গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে অ্যালামনি আইডি কার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনা করেন ‘দ্য ক্রু’ ব্যান্ড, এছাড়া ছিল গেম-শো, শিশুদের কণ্ঠে বাংলা কবিতা পরিবেশনা ও র্যাফেল ড্র।
