১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবুধাবিতে ‘তীব্র গরমে’ প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

দেশটিতে শ্রমিকদের জন্য সরকারি ‘মধ্যাহ্ন বিরতি আইন’ কার্যকর রয়েছে।

আবুধাবিতে ‘তীব্র গরমে’ প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
মোহাম্মদ সোলায়মান (৪৩)

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত এক বাংলাদেশি  নির্মাণশ্রমিক মারা গেছেন।

মোহাম্মদ সোলায়মান (৪৩) নামে এ বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নে। তিনি প্রয়াত মনির আহমদের বড় ছেলে।

রোববার সকালে আবুধাবির আল মারিয়া আইল্যান্ডে বাংলাদেশি মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আরেক প্রবাসী আবদুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অতিরিক্ত গরমে সোলায়মান হিটস্ট্রোকে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি ফের মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।”

দুই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় আবুধাবি পাড়ি জমান সোলায়মান। পেশায় নির্মাণ শ্রমিক সোলায়মানের দেশে ফেরার কথা ছিল আগামী দুই মাস পর। কিন্তু প্রবাস জীবনের সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল তার।

বাংলাদেশে তার স্ত্রী, ১৪ ও ১১ বছর বয়সী দুই মেয়ে এবং সাত বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছেন। 

সোলায়মানের লাশ আবুধাবির কেন্দ্রীয় শবাগারে সংরক্ষিত রয়েছে। প্রবাসী কল্যাণ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত শ্রমিকদের জন্য ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ‘মধ্যাহ্ন বিরতি আইন’ কার্যকর রয়েছে। আইন অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কাজ করা নিষিদ্ধ।