দুবাইয়ে ছিঁড়ে পড়া ইস্পাত খণ্ডের চাপায় বাংলাদেশি নিহত
ভাগ্য বদলাতে নিহত পাভেল দুই বছর আগে দুবাই এসেছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজ কর্মস্থলে পণ্য ছিঁড়ে পড়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
নিহত জাকারিয়া আহমেদ পাভেলের (২৪) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকিলি গ্রামে, বাবার নাম ছব্বির আলী।
শুক্রবার ঘটা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের বোনজামাই শারজা প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রবাসী সংগঠক সাজেদুর রহমান সাচ্চু।
তারা জানান, নিহত পাভেল দুবাইয়ের একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। ঘটনার দিন সকালে কারখানায় ক্রেনে পরিবহন করা ইস্পাতের বার দড়ি ছিঁড়ে তার ওপর পড়ে, এতে তার শরীর থেঁতলে যায়। এ অবস্থায় তাকে দুবাই এনএমসি রয়্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত পাভেল দুই বছর আগে দুবাই এসেছিলেন। দেশে তার পরিবারে বাবা-মা, দুই ভাই এবং দুই বোন আছেন। তিনি পরিবারের চতুর্থ সন্তান।
বর্তমানে তার লাশ দেইরা দুবাইয়ের সরকারি লাশঘরে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
